বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) বড় খবর। রেটিং ও অ্যানালিটিক্স কোম্পানি ক্রিসিল লিমিটেডের শেয়ার আপনার পোর্টফলিওতে থাকলে পেতে পারেন 1700 শতাংশ ডিভিডেন্ড (Stock Dividend)। হ্যাঁ, সংস্থাটি সম্প্রতি তাদের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করার সাথে সাথে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার কথাও ঘোষণা করেছে। আর এই খবর প্রকাশ্যে আসার পরই কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করতে কার্যত হুড়োহুড়ি লেগে গিয়েছে বিনিয়োগকারীদের! চলুন এই শেয়ার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
1700 শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা
সম্প্রতি ক্রিসিল লিমিটেড তাদের শেয়ারহোল্ডারদের জন্য 1700 শতাংশ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণা করেছে। সংস্থাটির পরিচালনকারী বোর্ড 2026-27 আর্থিক বছরে শেয়ার প্রতি 17 টাকা তৃতীয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রত্যেকটি শেয়ারের জন্য 17 টাকা করে লভ্যাংশ পেয়ে যাবেন এই সংস্থার তরফে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে কবে ডিভিডেন্ড দেবে এই কোম্পানি?
সংস্থাটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা আগামী 29 অক্টোবর তাদের যোগ্য বিনিয়োগকারীদের শেয়ার প্রতি 17 টাকা করে ডিভিডেন্ড দেবে। অর্থাৎ 29 অক্টোবরের আগে সমস্ত বিনিয়োগকারীকে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ফেলতে হবে। এক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র শেয়ার কিনলেই চলবে না সেই সাথে এক্স-ডিভিডেন্ড ডেট এবং সেটেলমেন্ট নিয়মাবলী সম্পর্কে ভালভাবে জেনে নেওয়া প্রয়োজন। কোম্পানিটি BSE তে জমা দেওয়া রিপোর্টে জানিয়েছে, তারা তাদের যোগ্য বিনিয়োগকারীদের আগামী নভেম্বর মাসের 17 নভেম্বর বা তার আগে এই লভ্যাংশ দিয়ে দেবে।
আরও পড়ুন: জানেন কোন পরিবারে বাস করেন অলক্ষ্মী? পুরাণে মিলবে উত্তর
শেয়ারের পারফরমেন্স
গতকাল অর্থাৎ শুক্রবার এই সংস্থার শেয়ারের দাম 0.84 শতাংশ কমে গিয়ে 4784 টাকা 10 পয়সায় বন্ধ হয়েছিল। গত এক সপ্তাহে এই সংস্থার শেয়ারের দাম সাড়ে চার শতাংশেরও বেশি কমেছে। যেখানে দুই সপ্তাহে 7.14 শতাংশ, এক মাসে 3.13 শতাংশ ও 3 মাসে 7.93 শতাংশ পরিবর্তন হয়েছে শেয়ারের দাম। এক বছরের হিসেব করলে এই সংস্থার শেয়ারের দাম কমেছে 4.16 শতাংশের কাছাকাছি। বিগত পাঁচ বছরে আবার এই শেয়ারের দামই বেড়েছে 68.61 শতাংশ।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)