৭৭তম প্রজাতন্ত্র দিবসে নজর কাড়ল প্রধানমন্ত্রীর রঙিন পাগড়ি! রয়েছে বিশেষ যোগ

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ ৭৭তম সাধারণতন্ত্র দিবস। তাই সকাল থেকেই এই বিশেষ দিন উদ্‌যাপন করে চলেছে গোটা ভারতবাসী। সাজো সাজো রব দিল্লিতেও। কুচকাওয়াজে দিল্লির কর্তব্যপথে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। তবে পোশাকের নিরিখে সকলের নজর কেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দিকেই। এদিন মোদীর পরনে ছিল নীল সাদা কুর্তা-পাজামা। কুর্তার উপরে ছিল হালকা আকাশি রঙের নেহরু জ্যাকেট এবং মাথায় পাগড়ি। আর এই পোশাকের ভিড়েই দেশবাসীর নজর আটকেছে সেই পাগড়িতেই।

দুর্দান্ত পোশাকে নজর কাড়ল পাগড়ি!

রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মারকে শহিদ সেনাদের শ্রদ্ধা জানান। নীরবতা পালন করা হয়। এরপর তিনি অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে কর্তব্য পথের স্যালুটিং ডায়াসে পৌঁছন। এরপর শুরু হয় কুচকাওয়াজ, যা প্রায় ৯০ মিনিট ধরে চলে। কিন্তু এত অনুষ্ঠানের মাঝেই সকলের নজরে আসে মোদীর পাগড়ির গঠন এবং রঙের সৌন্দর্য। রেশমের তৈরি পাগড়িটি নানা উজ্জ্বল রঙের টাই অ্যান্ড ডাই করা বাহারি কাপড়ে তৈরি। তার উপর আবার ঝলমলে সোনালি রঙের জড়িতে নকশা বেশ আকর্ষণীয়। পাগড়িতে রয়েছে একগুচ্ছ রঙের বাহার। মেরুন, বেগুনি, গোলাপি, সবুজ, সাদা, হলুদ, নীল রঙের উপর সোনালি রঙে আঁকা ময়ূরের পালকের মোটিফ।

মোদীর পাগড়ি নিয়ে হইচই সমাজমাধ্যমে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাগড়ির এই ধরনের নকশা মূলত দেখা যায় রাজস্থানে। রং বেরঙের এই নকশা দিনের আলোতেও সকলের তুলনায় বেশ ভিন্ন রূপ নিয়েছে। এদিন প্রধানমন্ত্রীর পাগড়ি পরার ধরনটিও রাজস্থানের যোধপুরের আদলে তৈরি করা হয়েছে। মোদীর পাগড়ি পরা ছবি ও ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে এই পাগড়ি ঘিরে। এ বছর সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন।

আরও পড়ুন: সরস্বতী পুজোর ভাসানে ধুন্ধুমার পরিস্থিতি, দু’পক্ষের অশান্তিতে উত্তপ্ত কৃষ্ণনগর

প্রসঙ্গত, মোদীর পাগড়ির প্রতি ভালোবাসা নতুন নয়। এর আগেও একাধিক বার বিভিন্ন ধরনের এবং রঙিন পাগড়ি পরে সাধারণতন্ত্র দিবসে উপস্থিত থাকতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে হলুদ রঙা পাগড়ি পড়েছিলেন, সকলেই সেই পাগড়ির সঙ্গে রাম যোগ পেয়েছিলেন। ৭৪তম প্রজাতন্ত্র দিবসে একটি বহু-রঙা রাজস্থানি পাগড়িও পরেছিলেন মোদী। এছাড়াও ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত হয়েছিলেন উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি পরে। তারও আগের বছর অর্থাৎ, ২০২১ সালে গুজরাটের জামনগর রাজপরিবারের উপহার দেওয়া একটি লাল পাগড়ি পরেছিলেন তিনি।

Leave a Comment