সৌভিক মুখার্জী, কলকাতা: কনটেন্ট ক্রিয়েটর, ছাত্র-ছাত্রী বা ছোট ব্যবসায়ীদের জন্য এবার বিরাট ঘোষণা করল এয়ারটেল। বুধবার সংস্থাটি জানিয়েছে, বিশ্ব বিখ্যাত সফটওয়্যার সংস্থা Adobe এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এবার তারা 36 কোটির বেশি গ্রাহককে সম্পূর্ণ বিনামূল্যে এক বছরের জন্য Adobe Express Premium ব্যবহার করতে দেবে, যে সাবস্ক্রিপশনের বাজার মূল্য প্রায় 4000 টাকা। সবথেকে বড় ব্যাপার, এর মাধ্যমে এয়ারটেল গ্রাহকদের জন্য অত্যাধুনিক জেনারেটিভ এআই টুল ব্যবহার আরও সহজ হয়ে উঠবে।
এয়ারটেল এবং Adobe এর বিরাট পার্টনারশিপ
উল্লেখ করার বিষয়, এটি এয়ারটেলের দ্বিতীয় গ্লোবাল পার্টনারশিপ। এর আগে 2025 সালে এয়ারটেল Perplexity AI এর সঙ্গে হাতে হাত মিলিয়ে গ্রাহকদের এক বছরের জন্য 17,000 টাকার Pro সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছিল। আর সেই ধারাবাহিকতায় Adobe Express Premium যুক্ত হল এয়ারটেলের ডিজিটাল অফারের তালিকায়।
তবে জানা গিয়েছে, এই ফ্রি সাবস্ক্রিপশন পাবে শুধুমাত্র এয়ারটেল মোবাইল গ্রাহকরা, এয়ারটেল ওয়াইফাই ব্যবহারকারীরা এবং এয়ারটেল DTH গ্রাহকরা। এর জন্য শুধুমাত্র এয়ারটেল থ্যাংকস অ্যাপে গিয়ে সাবসক্রিপশন অ্যাক্টিভেট করে নিতে হবে। তবে কোনও ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়বে না।
কী কী সুবিধা মিলবে?
Adobe Express Premium মূলত একটি এআই পাওয়ার্ড ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম, যেখানে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো সুবিধা দেওয়া হচ্ছে। এর সাথে সাথে এআই দিয়ে কাস্টম ইমেজ তৈরি, ভিডিও এডিটিং বা সাবটাইটেল, সোশ্যাল মিডিয়ার জন্য ইন্সট্যান্ট ডিজাইন, বিভিন্ন উৎসব, বিয়ে বা লোকাল বিজনেসের জন্য টেমপ্লেট তৈরি, প্রিমিয়াম Adobe Stock ছবি ও গ্রাফিক্স, 30 হাজারের বেশি প্রফেশনাল ফন্ট, 100GB ক্লাউড স্টোরেজ, ওয়াটারমার্ক ছাড়া কন্টেন্ট এক্সপোর্ট এবং মোবাইল, ল্যাপটপ ও ট্যাবে সিঙ্কের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: LPG, সিগারেটের দাম থেকে FasTag! ১ ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম
এ বিষয়ে এয়ারটেলের কানেক্টেড হোমস সিইও ও মার্কেটিং ডিরেক্টর সিদ্ধার্থ শর্মা বলেছেন, এই উদ্যোগ শুধুমাত্র প্রযুক্তির দিক থেকে নয়, বরং এটি কোটি কোটি ভারতীয়কে ক্ষমতায়িত করবে। ছাত্র ছাত্রীর সিভি তৈরি থেকে শুরু করে ছোট ব্যবসায়ীর পোস্টার ডিজাইন বা কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও এডিট, সব ক্ষেত্রেই Adobe Express Premium বিরাট ভূমিকা রাখবে। এমনকি তিনি আরও জানিয়েছেন, বিশ্বমানের ক্রিয়েটিভ টুল এবার আর বিলাসিত নয়, বরং প্রতিটি ভারতীয় নাগরিকের নাগালের মধ্যেই থাকবে।