এবার অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, শোরগোল বসিরহাটে

Ambulance Theft In Hasnabad

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমত হুলুস্থুল কাণ্ড বঙ্গ রাজনীতিতে। একদিকে যেমন শাসকদল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর গদি ধরে রাখতে তৎপর ঠিক তেমনই বিরোধী দলগুলিও মুখ্যমন্ত্রীর গদি ছিনিয়ে নিতে উঠে পড়ে লেগেছে। আর এই নিয়ে দফায় দফায় শুরু হয়েছে উন্নয়নমূলক কর্মসূচি। কিন্তু এই উন্নয়ন মিছিলের মাঝেই বসিরহাটের হাসনাবাদে শাসকদলের নেতার বিরুদ্ধে উঠে এল অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ (Ambulance Theft In Hasnabad)। শীঘ্রই গ্রেফতারির দাবিতে সরব হয়েছে এলাকার বাসিন্দারা।

অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ শাসকদলের নেতার বিরুদ্ধে

প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলামের সময়ে রাজ্য সরকারের তরফে বসিরহাটে এলাকার রোগীদের সুবিধার্থে সেবাযানের ব্যবস্থা করা হয়েছিল। বেশ ভালই পরিষেবা মিলছিল এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে। কিন্তু বর্তমানের হাসানাবাদ পাটালি খানপুর অঞ্চল তৃণমূল সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লার বিরুদ্ধে উঠে এল সেই অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ। রাতারাতি এই অ্যাম্বুলেন্স চুরি করে মোটা টাকায় বিক্রি করার অভিযোগ উঠছে গ্রামবাসীদের তরফে। এই নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে এলাকা জুড়ে। তাঁদের একটাই দাবি শীঘ্রই তাঁদের অ্যাম্বুলেন্স ফেরৎ দেওয়া হোক, নইলে সকলে মিলে গণ আন্দোলন শুরু করবে।

আরও পড়ুন: মমতার মতোই ইজরায়েলের প্রধানমন্ত্রী ফোনের ক্যামেরায় লাগালেন টেপ! পেগাসাস আতঙ্ক?

কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি

হাসানাবাদে তৃণমূল নেতার বিরুদ্ধে অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রির অভিযোগের প্রেক্ষাপটে বসিরহাট বিজেপি সংগঠক গতকাল অর্থাৎ বুধবার বিকেলে সন্দেশখালি এলাকা থেকে পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে। শীঘ্রই তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। অন্যদিকে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি পলাশ সরকার কটাক্ষ করে জানিয়েছেন “শাসকদল তৃণমূল কংগ্রেসের এমন দিন পড়ল যে ছাড় পেল না অ্যাম্বুলেন্স। সেটিকেও বিক্রি করে টাকা খাচ্ছে তাঁরা। শীঘ্রই এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক।” অন্যদিকে পিন্টু মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন “১০-১২ বছর ধরে আমি কোনো অ্যাম্বুলেন্স দেখিনি এখানে। তদন্ত হোক, আইন আইনের পথে চলবে।”

Leave a Comment