সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। এবার ৩০ হাজার কর্মী নিয়োগের পথে ভারতীয় পোস্ট। হ্যাঁ, দেশজুড়ে ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট জিডিএস নিয়োগের (Indian Post Recruitment 2026) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আগামী ৩১ জানুয়ারি থেকেই আবেদন শুরু হচ্ছে। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কত বেতন দেওয়া হবে, কী কী পদে নিয়োগ করা হবে তা জানতে প্রতিবেদনটি পড়ুন।
ভারতীয় ডাক বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি
চলতি বছরের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এবার মোট ২৩টি পোস্টাল সার্কেলে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে মোট শূন্যপদ রয়েছে ২৮,৭৪০টি। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ রয়েছে ২৯৮২টি। যেমনটা জানানো হয়েছে, ডাক বিভাগের তরফ থেকে এবার জিডিএস বা গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। পাশাপাশি ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম যে কোনও স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। তাছাড়া অন্যান্য কোনও যোগ্যতা চাওয়া হয়নি।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর থেকে ৪০ বছর চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
যেমনটা জানা যাচ্ছে, এবিপিএম এবং জিডিএস পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা বেতন দেওয়া হবে। তবে বিপিএম পদে চাকরি পেলে প্রতি মাসে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা নেওয়া হয় না। মাধ্যমিক পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় যাদের নাম থাকে, তাদেরকে ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হয়।
আবেদন প্রক্রিয়া
চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে ভারতীয় পোস্টের জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- যদি নতুন আবেদনকারী হন, তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
- তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।
উল্লেখ্য, এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন করতে কোনও রকম ফি লাগবে না। তবে অন্যান্য প্রার্থীদের আবেদন করতে গেলে ১০০ টাকা করে ফি দিতে হবে।
আরও পড়ুন: ফ্রিতে মিলবে Adobe Express Premium, কোটি কোটি গ্রাহককে সুখবর শোনাল Airtel
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদে আগামী ৩১ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।