বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসরের পর এই মুহূর্তে একদিনের ক্রিকেটে বর্তমান রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর আপাতত বিশ্রামে রয়েছেন রোহিত। ধারে কাছে এখনই আর কোনও একদিনের সিরিজ নেই। ফলে একটানা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে হিটম্যানকে। এই সময়ের মধ্যেই কি অবসরের সিদ্ধান্ত জানাবেন রোহিত শর্মা? গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় মহাতারকার পোষ্টের পরই বারবার উঠছে এই প্রশ্ন। রোহিত শর্মার ওই রহস্যময় পোস্ট ঘিরে বাড়ছে ভক্তদের হৃদ স্পন্দন। তাহলে কি এখনই ক্রিকেট ছাড়ছেন রোহিত শর্মা?
রোহিতের রহস্যময় পোষ্ট ঘিরে জল্পনা
শেষবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলেছেন তিনি। তবে সেই আসরে ব্যাট হাতে সে অর্থে জ্বলে উঠতে পারেননি রোহিত। গোটা সিরিজে সর্বসাকুল্যে তাঁর হাতে এসেছে 61 রান। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারছে ভারতীয় দল। 20 ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বর্তমানে ক্রিকেট থেকে দূরে রয়েছেন রোহিত। আর ঠিক সেই সময়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে ভক্তদের চিন্তা বাড়ালেন হিটম্যান।
গতকাল রোহিতের ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে ভেসে আসে এক রহস্যময় পোস্ট। যা দেখার পরই নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন। ভারতীয় ক্রিকেটার ওই পোস্টে লিখেছেন, “নতুন ভূমিকা আসন্ন। লিড_অফ ইন্ডিয়া। সাথে থাকুন! আগামীকাল বিকেলে বড়সড় ঘোষণা আসছে…” ভারতীয় মহাতারকার এমন পোস্টের পর থেকেই মাথা ব্যথা বেড়েছে ভক্তদের। তাঁদের বক্তব্য, দুই সংস্করণ থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন রোহিত। কাজেই নতুন করে অবসর ছাড়া আর কিছুই দেখবার নেই। কেননা এর আগেও টেস্ট ছাড়ার ঘোষণাটাও সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন রোহিত শর্মা।

অবশ্যই পড়ুন: আজই ভোট হলে জিতবে বিজেপি, বাংলায় কত আসন পাবে তৃণমূল? উঠে এল সমীক্ষায়
যদিও, রোহিত ভক্তদের একটা বড় অংশের দাবি, এখনই ওয়ানডে ছাড়বেন না রোহিত শর্মা। সে কথা তিনি আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন। তাঁদের কথায়, “2027 ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করবেন রোহিত শর্মা। তারপর অবসরের প্রসঙ্গ। এখন এসব কথা ভেবে লাভ নেই। রোহিত নিজেও জানেন তিনি ক্রিকেট ছাড়ছেন না। হয়তো অন্য কোনও প্রজেক্ট নিয়ে কথা বলতে চলেছেন শর্মা। সবটা বোঝা যাবে শুক্রবার বিকেল হলেই। তাই এ নিয়ে অযথা চিন্তা করে লাভ নেই।”