প্রীতি পোদ্দার, কলকাতা: স্বাস্থ্য এবং রূপচর্যার ক্ষেত্রে আমলকির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীত পড়লেই বাজারে বেশি দেখা যায় সবুজ সবুজ আমলকির (Amla)। শুধু খাবার হিসেবেই নয়, প্রসাধনী দ্রব্য এবং আয়ুর্বেদ চর্চাতেও আমলকির দীর্ঘদিনের পরিচিতি রয়েছে। কিন্তু জানেন, কোন জেলাকে ভারতের আমলকির রাজধানী (Amla Capital) বলে? তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
আমলকির রাজধানী
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলাকে বলা হয় আমলা ক্যাপিটাল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের আমলা রাজধানী। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রতাপগড়ে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আমলকির বাগান রয়েছে। সেই কারণে উত্তরপ্রদেশ দেশের সবচেয়ে বড় আমলকি উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম। শুধু তাই নয় দেশের মোট উৎপাদনের প্রায় ৬০ শতাংশ আমলকি এই রাজ্য থেকে আসে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ‘এক জেলা এক পণ্য’ (ODOP) প্রকল্পের অধীনে আমলকিকে প্রতাপগড় জেলার প্রধান পণ্য হিসেবেও নির্বাচন করা হয়েছে।
আয়ুর্বেদিক ওষুধও বানানো হয়
উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বসবাসকারী কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা যে আমলকি চাষ করে তা কিন্তু নয়, কাঁচা আমলকি দিয়ে নানা ধরনের খাবারও তৈরি করেন। যার মধ্যে অন্যতম হল আমলকির মিঠাই, মুরব্বা, চটপটা আচার, পাচক লাড্ডু এবং খাঁটি ফলের রস। এছাড়াও শুকনো আমলকি দিয়ে আয়ুর্বেদিক ওষুধও বানানো হয়। এর ফলে প্রক্রিয়াজাতকরণের কারণে আমলকি একদিকে যেমন সারা বছর নষ্ট হয় না ঠিক তেমনই আবার নতুন কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ পাওয়া যায়।
আরও পড়ুন: চিয়া সিডস খেলেই কি কমবে ওজন? জানুন খাওয়ার সঠিক সময় ও নিয়ম
ODOP-এর তথ্য অনুযায়ী, প্রতাপগড়ের আমলকি সাধারণত সবুজাভ-হলুদ রঙের এবং এর স্বাদে বিশেষ ধরনের টক ও কষভাব রয়েছে। ২০২৩ সালের মার্চে প্রতাপগড় আমলা জিআই রেজিস্ট্রেশন পেয়েছিল৷ তারপর থেকেই সেখানকার আমলকির আলাদা পরিচিতি তৈরি হয়েছে। এমনকি এই এলাকার জনপ্রিয়তা এতটাই বেশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ‘মন কি বাত’-এ প্রতাপগড়ের আমলকি শিল্পের কথা তুলে ধরেছিলেন।