আজই বাংলায় অমিত শাহ, ২৬-এর রণকৌশল চূড়ান্ত করতে কোথায় কোথায় করবেন বৈঠক?

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগোচ্ছে, ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাশাপাশি নিবার্চনের প্রাক্কালে রাজনীতির হাওয়াও বেশ গরম হচ্ছে। এমতাবস্থায় বঙ্গে আরও একবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। বৈঠকের পরিকল্পনা তৈরি। তবে এবারের সফর কর্মসূচিহীন, পুরোপুরি জোর দেওয়া হয়েছে সাংগঠনিক বৈঠকের ওপর। সম্ভবত আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি, সাংগঠনিক পরিকাঠামো এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আজই বঙ্গে আসছেন অমিত শাহ

দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের বঙ্গ সফরের পর পরই ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপি সূত্রে খবর, আজ অর্থাৎ ৩০ জানুয়ারি, শুক্রবার রাতে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে তাঁর রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। তবে কোনও জনসভা নয়, কর্মী বৈঠকেই বেশি জোর দিচ্ছে বিজেপি। আজই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর। এখানেই শেষ নয়, এরপর আগামীকাল অর্থাৎ শনিবার, বারাসতের কর্মী সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্যারাকপুরে যাবেন অমিত শাহ।

সাংগঠনিক বৈঠকের ওপর জোর শাহের

বঙ্গ বিজেপির তরফে জানানো হয়েছে, আগামীকাল শনিবার বিকেলে ব্যারাকপুরে কর্মীদের সঙ্গে বৈঠক সেরে বিকেলেই শিলিগুড়িতে একটি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বৈঠক শেষে শনিবারই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, এই বৈঠকগুলোতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কোর কমিটির বৈঠকের রণকৌশল। পাশাপাশি ২৯৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করবেন শাহ এবং দলের কর্মীদের উদ্দেশে রাজনৈতিক বার্তাও দেবেন।

আরও পড়ুন: SIR নিয়ে বৃহৎ ষড়যন্ত্র রাজ্য সরকারের? WhatsApp বার্তা ফাঁস করলেন শুভেন্দু

উল্লেখ্য, গত বছর, ২৯ ডিসেম্বর তিনদিনের সফরে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় একটি সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছিলেন। বাদ যায়নি SIR প্রসঙ্গ।সেই সময় সাংবাদিকদের সামনেই অমিত শাহ জানিয়েছিলেন যে পদ্মশিবিরের মত, বিহার, আসাম, ওড়িশা ও ত্রিপুরার পরে এবারের বিধানসভা নির্বাচনে বাংলাই তাদের মূল লক্ষ্য। এবার দেখার পালা, বঙ্গে এসে অমিত শাহ দলীয় কর্মী সহ জনগনদের নির্বাচন প্রসঙ্গে কী বার্তা দেন।

Leave a Comment