ভরা বাজারে তৃণমূলের উপপ্রধান ও তাঁর ভাইকে সাবল দিয়ে মারধর! উত্তেজনা পূর্বস্থলীতে

Purbasthali

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক তৎপরতা বেড়েই চলেছে বঙ্গ রাজনীতিতে। তার উপর রয়েছে SIR শুনানি বিতর্ক। এমতাবস্থায় পুরোনো জমি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়লেন পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীতে (Purbasthali) পিন্ডিরা পঞ্চায়েতের অন্তর্গত পাথরঘাটা বাজার এলাকায়। শাবল দিয়ে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

জমি বিবাদ নিয়ে ব্যাপক অশান্তি

স্থানীয় রিপোর্ট মোতাবেক, পূর্বস্থলীতে পিন্ডিরা পঞ্চায়েতের অন্তর্গত পাথরঘাটা বাজার এলাকায় বিগত বেশ কয়েক বছর ধরে জমি সংক্রান্ত পুরনো বিবাদ নিয়ে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছিল পিন্ডিরা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ইন্দ্রজিৎ ঘোষালের পরিবারে। অভিযোগ বাড়ি করাকে কেন্দ্র করে এবং জায়গা জমি নিয়ে অশান্তি লেগেই থাকত, তবে এবার সেই অভিযোগ বড় আকার ধারণ করল। জানা গিয়েছে, ভরা বাজারের মধ্যে পিন্ডিরা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং তার ভাইকে শাবল দিয়ে ব্যাপক মারধোর করার অভিযোগ উঠল খুড়তুতো দাদা পিন্টু ঘোষালের বিরুদ্ধে।

শাবল দিয়ে ব্যাপক মারধর

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার সকালে পিন্ডিরা পঞ্চায়েতের অন্তর্গত পাথরঘাটা বাজার এলাকায় গিয়েছিলেন পিন্ডিরা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ইন্দ্রজিৎ ঘোষাল এবং তার ভাই নীলরতন ঘোষাল। কিছুসময় পড়ে শাবল দিয়ে ব্যাপক মারধর করা হয় তাঁদের। সাতসকালে এইরূপ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের মানুষেরা। তড়িঘড়ি আহতদের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনেই বর্তমানে বিপদমুক্ত আছেন। আহত ইন্দ্রজিৎ ঘোষাল জানান, “বেশ কয়েক বছর আগে বাড়ি করাকে কেন্দ্র করে জমি নিয়ে অশান্তি হয়ে আসছে, এমনকি আমার মায়ের গায়ে হাত তোলা হয়েছিল তাই সেই নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই কেসের সামনেই ডেট পড়েছিল, আর সেই কারণে আমাদের উপর আক্রমণ করা হয়েছে।”

আরও পড়ুন: ২২ কোচ নিয়ে ছুটল ১৩০ কিমি বেগে, নয়া রেকর্ড অমৃত ভারত এক্সপ্রেসের

পিন্ডিরা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ইন্দ্রজিৎ ঘোষালের দায়ের করা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত পিন্টু ঘোষাল। তিনি জানিয়েছেন যে, “সমস্ত অভিযোগ মিথ্যে। আমাকেও মারধর করা হয়েছে। পুরনো একটি মিথ্যা কেস দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে, সে বিষয়ে আমি আজ বলতে গেলে দুই দাদা ভাই মিলে আমাকে মারতে উদ্যত হয়, তখন দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়েছে, ঘটনায় আমিও আহত।” ইতিমধ্যেই এই ঘটনার জেরে পাথরঘাটা বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment