বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে খেলতে আসবে না বলে টি-টোয়েন্টি বিশ্বকাপটাই (ICC T20 World Cup) বয়কট করে দিয়েছে বাংলাদেশ। ফলে, মুস্তাফিজুর রহমানদের বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে স্কটল্যান্ডের নাম। সব ঠিক থাকলে, আগামী 7 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে সীমিত ওভারের বিশ্বকাপ। আর তার ঠিক আগেই শোনা যাচ্ছে, ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে কারণ হিসেবে দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নাকি সংশয় রয়েছে অস্ট্রেলিয়া, সোশ্যাল মিডিয়ার একাধিক রিপোর্ট বিশেষত পাকিস্তান ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে এমনটাই। তাহলে কি বাতিল হবে T20 বিশ্বকাপ?
ভারতে খেলতে আসা নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া?
পাকিস্তানের জিএনএন এইচডি এর এক রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের নিপা ভাইরাসের সংক্রমণকে কারণ হিসেবে দেখিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি প্রকাশ করেছে ইংল্যান্ড। একই পথে নাকি হাঁটছে অস্ট্রেলিয়াও। এদেশে নিপা ভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রেখে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, “আমরা এই মুহূর্তে ভারতের পরিস্থিতির উপর নজর রাখছি। বর্তমানে অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য প্রটোকল পরিবর্তনের প্রয়োজন নেই, তবে আমরা যথেষ্ট সতর্ক।”
পাকিস্তানের ওই সংবাদমাধ্যম দাবি করছে, নিপা ভাইরাসের ভয়াবহতাকে সামনে রেখে ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে অনিহা প্রকাশ করছে ইউরোপের অন্যান্য দেশ। যার ফলে জল্পনা বেড়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলির বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার। মূলত পাকিস্তান এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলিতে ভারতে নিপা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার মতো দেশের খেলতে না আসার আশঙ্কাকে তুলে ধরা হয়েছে। তবে বাস্তব অর্থে, কলকাতায় দুই নিপা ভাইরাস আক্রান্তের খবর মিললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO খুব পরিষ্কারভাবে জানিয়েছে, ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। যেহেতু মাত্র দুটি ঘটনা পাওয়া গিয়েছে তাই এ নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কোনও প্রয়োজন নেই। তবে সতর্ক থাকতে হবে।
অবশ্যই পড়ুন: বিশ্বকাপে বৈভব সূর্যবংশীদের মুখোমুখি হওয়ার আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান!
এসবের মধ্যেই, পাকিস্তান এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশের ভারতে এসে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ের খবরে খুব একটা গুরুত্ব দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তাছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বোর্ডের তরফে নিপা ভাইরাসের কারণে ভারতে খেলতে না আসা নিয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য মেলেনি। ফলে, বাংলাদেশের বদলি সহ অন্যান্য সমস্ত দেশকে নিয়েই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমনটাই মনে করছেন ক্রীড়া মহলের একটা বড় অংশ।