বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন বিহারের 14 বছর বয়সি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁকে নিয়ে মাতামাতি কম হয়নি। আজও ক্রিকেট ভক্তদের নয়নের মণি হয়ে রয়েছেন ভারতের এই বিস্ময় বালক। এবার সেই বৈভবই বিরাট কোহলিদের জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন? বিগত দিনগুলিতে, বৈভবকে সিনিয়রদের টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়ার জোরালো আবেদন রেখেছিলেন ভক্তরা। বৈভবের বড়দের টিমে খেলার সময় এসে গেছে বলেও মন্তব্য করেছেন বহু প্রাক্তন ক্রিকেটার। সেই সূত্র ধরেই, সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা নির্বাচক সাবা করিম। তিনি জানালেন, বৈভবকে সিনিয়রদের দলে অন্তর্ভুক্ত করার সময় এসে গেছে…
বড়দের দলে জায়গা পেতে চলেছেন বৈভব?
সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক সাবা করিম বৈভব সূর্যবংশীকে নিয়ে মুখ খুলেছিলেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন, বৈভব সূর্যবংশীর এবার জাতীয় দলে জায়গা পাওয়া উচিত। কারণ ইতিমধ্যেই অনূর্ধ্ব 19 বিশ্বকাপে খেলে দুটি হাফ সেঞ্চুরি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি। সাবা বলেন, “বৈভব সূর্যবংশী খুবই প্রতিভাবান খেলোয়াড়। আমি তাঁর ব্যাটিং দেখে প্রচন্ড খুশি। আমি মনে করি, এবার তাকে ভারতের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার সময় হয়েছে। ”
এদিন প্রাক্তন ভারতীয় প্লেয়ার এও বলেন, “এটা খুব ভালো জিনিস যে বৈভবের উপর সকলে নজর রাখছেন। রাজ্য সমিতি থেকে শুরু করে BCCI এর সেন্টার অফ এক্সিলেন্সও তার কাজ করে চলেছে। IPL এ রাজস্থান তাকে দলে নিয়েছে। ব্যাট হাতে নামও করেছে সে। এমন একটা দিন আসবে খুব তিনি জাতীয় দলে সুযোগ পেয়ে যাবেন।” সব মিলিয়ে, ভারতের প্রাক্তন নির্বাচক আশা রাখেন অনূর্ধ্ব 19 দল পেরিয়ে শীঘ্রই সিনিয়রদের দলে জায়গা করে নেবেন খুদে তারকা।
অবশ্যই পড়ুন: ISL শুরুর আগেই ইস্টবেঙ্গলে যোগ দিলেন দুর্ধর্ষ ফুটবলার
উল্লেখ্য, 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থানের জার্সিতে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন বৈভব। সেবারই তিনি হয়ে উঠেছিলেন ভারতের সবচেয়ে কম বয়সি সেঞ্চুরিয়ান। তাছাড়াও গোটা বিশ্বের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে ক্রিস গেইলের পরে জায়গা করেছিলেন বৈভব। তবে এখানেই থেমে থাকেনি বৈভবের রেকর্ড। বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়া কাপ সহ একাধিক আসরে প্রতিপক্ষের বোলারদের পিটিয়ে ছাতু করেছেন তিনি। সেই সূত্রেই তৈরি হয়েছে নতুন নতুন রেকর্ড। নিজের বিস্ফোরক ব্যাটিং দিয়ে বারবার ভক্ত হৃদয় জয় করে এসেছেন বিহারের ভূমিপুত্র।