সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের জন্য এবার বিরাট পরিবর্তন আনছে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেনের বোর্ডিং সংক্রান্ত নিয়মে আসছে বদল। খুব শীঘ্রই এমন ব্যবস্থা চালু হতে চলেছে, যেখানে নির্ধারিত বোর্ডিং স্টেশনে যাত্রী না আসলে আর পরের স্টেশন পর্যন্ত TTE অপেক্ষা করবে না। হ্যাঁ, নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে বোর্ডিং স্টেশনে যদি যাত্রীরা উপস্থিত না হয়, তাহলে টিকিট পরীক্ষক সঙ্গে সঙ্গে সেই আসনকে ‘নট টার্ন আপ’ হিসেবেই চিহ্নিত করে দেবে।
জানা যাচ্ছে, TTE যখন নিজের ইলেকট্রনিক্স ফেয়ার টিকিটিং ডিভাইসে ওই আসনটিকে ফাঁকা হিসেবে চিহ্নিত করবে, তখন সেই সিট ওয়েটিং লিস্ট বা আরএসি টিকিটধারী যাত্রীদের মধ্যেই বরাদ্দ করে দেওয়া হবে। আর সবথেকে বড় ব্যাপার, সিট বরাদ্দের তথ্য সরাসরি যাত্রীদের মোবাইলে পৌঁছে যাবে। ফলে অযথা কোনও দুশ্চিন্তা বা অপেক্ষার প্রয়োজন পড়বে না।
এতদিন কী নিয়ম চালু ছিল?
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী বোর্ডিং স্টেশনে না আসলে TTE সাধারণত পরের স্টেশন পর্যন্ত অপেক্ষা করত। যাত্রী যদি পরের স্টেশনে না উঠত, তবে সেই সিট ওয়েটিং বা আরএসি যাত্রীকে দিয়ে দেওয়া হত। এই পদ্ধতিতে অনেক সময় ফাঁকা সিট থাকা সত্ত্বেও যাত্রীরা বসার কোনওরকম সুযোগ পেতেন না। তবে নতুন সফটওয়্যার আপডেটের ফলে এই সমস্যার সমাধান হতে চলেছে।
আরও পড়ুন: প্রাথমিক শুনানিক্রমে রাখাই হল না মমতার মামলা! আদৌ আজ হবে সওয়াল-জবাব?
রেলের সূত্র মারফৎ খবর, এই পরিবর্তনের জন্য রেল মন্ত্রক ইতিমধ্যেই সিআরআইএস-কে নির্দেশ দিয়েছে। সফটওয়্যার আপডেট হলেই গোটা দেশজুড়ে তা কার্যকর হবে। এই প্রযুক্তির ফলে ফাঁকা সিটের ব্যবহারযোগ্যতা বাড়বে এবং যাত্রী পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ হবে। এ বিষয়ে প্রাক্তন উত্তর-পূর্ব রেলের চিফ অপারেশন্স ম্যানেজার রাকেশ ত্রিপাঠি জানিয়েছেন, এই প্রযুক্তি ভারতীয় রেলের আধুনিকীকরণের পথে বিরাট পদক্ষেপ। এতে ওয়েটিং ও আরএসি যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে এবং পরিষেবা উন্নত হবে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে আরএসি এবং ওয়েটিং যাত্রীদের জন্য এটি বিরাট স্বস্তির খবর।