সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বেকারদের জন্য বিরাট ঘোষণা হল বাজেটে। হ্যাঁ, মাধ্যমিক পাস করে বেকার হয়ে বসে রয়েছে, এরকম যুবক-যুবতীদের জন্য চালু করা হয়েছে বাংলার যুব সাথী প্রকল্প (Banglar Yuva Sathi Scheme)। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গিয়েছে, এই প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা মিলবে। কিন্তু কারা পাবে, কবে থেকে চালু হবে, আর কীভাবে আবেদন করতে হবে তা জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।
বাংলার যুব সাথী প্রকল্প
গতকাল বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এই বাংলার যুব সাথী প্রকল্প চালু করা হয়েছে। এমনকি এর মাধ্যমে ৩০ লক্ষ বেকার উপকৃত হবে, যেখানে প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
কারা পাবে এই ভাতা?
যেমনটা জানা গিয়েছে, এই প্রকল্পের ভাতা পেতে গেলে অবশ্যই ছেলেমেয়েদের মাধ্যমিক পাস করতে হবে। তবে রাজ্যস্তরের কোনও স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে তা পাস করতে হবে। পাশাপাশি বয়সসীমা লাগবে ২১ থেকে ৪০ বছর। আর কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না। মোদ্দা কথা, এই প্রকল্পের মূল উদ্দেশ্য চাকরির খোঁজে থাকা বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সাহায্য করা এবং বেকারত্ব দূর করা।
কীভাবে আবেদন করতে হবে?
রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই প্রকল্প চালু হলে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তবে আগামী ১৫ আগস্ট থেকেই প্রকল্প চালু হওয়ার কথা। আর আবেদন শুরুর সঠিক তারিখ ও অফিসিয়াল লিঙ্ক তখনই জানানো যাবে। তবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হবে এই প্রকল্পের জন্য। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে।
আরও পড়ুন: ১৭৭ বিধায়ক নিয়ে বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবে বিজেপি, হুঙ্কার শুভেন্দুর
কী কী ডকুমেন্ট লাগবে?
এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যেমনটা অনুমান করা যাচ্ছে, এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো দরকার হবে সেগুলি হল—
- মাধ্যমিক পাসের সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- ভোটার আইডি কার্ড কিংবা রেশন কার্ড,
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি।
- মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
এক কথায়, রাজ্যের বেকারদের জন্য বাংলার যুব সাথী প্রকল্প নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে চাকরির সুযোগ খুঁজে থাকা বেকাররা প্রতিমাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। তবে এখনও ওই প্রকল্প চালু হয়নি। রাজ্যের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট থেকে তা চালু হবে। আর তখন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।