সৌভিক মুখার্জী, ইসলামাবাদ: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের (Pakistan) রাজধানী ইসলামাবাদ (Islamabad Blast)। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এটি কোনও আত্মঘাতী জঙ্গি হামলা। ঘটনাটি ঘটেছে শহরের শাহজাদ টাউন এলাকার তারলাই অঞ্চলে অবস্থিত শিয়া ধর্মীয় উপাসনালয় ইমামবারগাহে। আর এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে এবং আহত হয়েছে ৩০ এর বেশি।
নামাজের পরেই বিস্ফোরণ
রিপোর্ট অনুযায়ী খবর, শুক্রবার জুম্মার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা বিস্ফোরণ ঘটে। সেই সময় উপাসনালয়ের ভিতর এবং বাইরে বহু মানুষ উপস্থিত ছিলেন। ফলে হতাহতের সংখ্যা বাড়ে। এখনও পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৩০ এর বেশি। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে নিরাপত্তা সংস্থার প্রাথমিক অনুমান, এটি কোনও আত্মঘাতী বিস্ফোরণ। হামলাকারীরা উপাসনালয়ের ভিড় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনও চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিস্ফোরণের পর পর ইসলামাবাদ জুড়ে জরুরী অবস্থায় জারি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করার জন্য গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ আর আধা সামরিক বাহিনী। এমনকি বোমা নিষ্ক্রিয়করণ দল মোতায়ন করা হয়, আর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুন: মাধ্যমিকের মধ্যেই হাইকোর্টে জনস্বার্থ মামলা, গোপন থাকবে পরীক্ষার্থীর পরিচয়?
এদিকে আহতদেরকে দ্রুত উদ্ধার করে ইসলামাবাদ পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সেখানে জরুরি পরিষেবা চালু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, একাধিক আহতের শরীরে আঘাতের চিহ্ন, এমনকি কয়েকজনের অবস্থা গুরুতর। পাশাপাশি অতিরিক্ত চিকিৎসক এবং নার্স নিয়োগ করা হয়েছে। তবে ঘটনার তল্লাশি চলছে।