প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে আবহাওয়ার ব্যাপক উথাল পাতাল হচ্ছে। কখনও দেখা যাচ্ছে, দিনে রোদ আর রাতে শীত। আবার কখনও সারা দিন ধরেই শীতল হওয়া বইছে। শুধু তাই নয় সকালের দিকে দুই বঙ্গেই জারি ঘন কুয়াশার দাপট। তাইতো আবহাওয়ার এই খামখেয়ালিপনায় অসুস্থ হচ্ছেন অনেকেই। তবে এক্ষেত্রে হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে রবি থেকেই বাড়বে তাপমাত্রার (Weather Tomorrow) পারদ।
হাওয়া অফিস জানিয়েছে, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে এছাড়াও উত্তর–পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে, যা দক্ষিণ–পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলস্বরূপ তাপমাত্রা আরও একবার বাড়তে চলেছে। এদিকে দক্ষিণবঙ্গে বিদায়বেলায় শেষ কামড় দিচ্ছে শীত। হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে তাপমাত্রা কমতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায়। সব মিলিয়ে মরসুমের শেষবেলায় এই হালকা ঠাণ্ডা শীতপ্রেমীদের জন্য বড় উপহার নিয়ে আসতে চলেছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতের আমেজ বজায় থাকবে। পাশাপাশি শুষ্ক পরিবেশও বজায় থাকবে একাধিক জেলায়। পারদ ঘোরাফেরা করছে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও আগামীকাল পর্যন্ত শীতের এই আমেজ পুরোপুরি বজায় থাকবে। তারপর থেকে ফের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে থাকবে। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কয়েকটি জেলায় হালকা কুয়াশার দাপট দেখা যাবে।
আরও পড়ুন: ‘পার্টি অফিস চোর’ আরামবাগে তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দলের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত। পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে বরফ না থাকলেও জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরা। রাতের দিকে তাপমাত্রা কমছে অনেকটাই। দার্জিলিঙের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে ৫-৬ ডিগ্রিতে ঠেকেছে। অন্যদিকে কালিম্পং সহ অন্যান্য পাহাড়ি এলাকাতেও একই পরিস্থিতি। যদিও উত্তরবঙ্গের সমতল জেলাগুলিতেও ঠান্ডা কম নয়। সেখানেও তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা কুয়াশার দাপট দেখা যাবে।