বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ শুরু হতেই টিম ইন্ডিয়ার (India National Cricket Team) অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে। এতদিন চোট যন্ত্রণায় ভুগেছিলেন তিলক বর্মা। তবে ফিট হয়ে জাতীয় দলে ফিরেছেন তিনি। ফিট হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন ওয়াশিংটন সুন্দরও। এই মাঝে হাঁটুতে চোট নিয়ে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। অসুস্থতার কারণে আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। এবার অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান অভিষেক শর্মাও। চলতি প্রতিযোগিতায় ভারতের সমস্যা যেন আরও বাড়ল!
অসুস্থ হয়ে পড়েছেন অভিষেক শর্মা
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত বনাম আমেরিকার শনিবারের ম্যাচের আগেই শারীরিক অস্বস্তি বোধ করছিলেন তরুণ ব্যাটসম্যান অভিষেক। তা সত্ত্বেও এদিনের ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। তবে খেলা শুরু হতেই হঠাৎ স্বাস্থ্যের অবনতি হয় খেলোয়াড়ের। যার কারণে শুরুতেই শূন্য নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এদিন আমেরিকার বিরুদ্ধে ভারতকে জিতিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই জানিয়েছিলেন, অভিষেক শর্মা সুস্থ নেই।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্য খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, “ম্যাচের আগেই জ্বরে ভুগেছেন বুমরাহ। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিষেক শর্মাও।” তবে ভারতীয় অধিনায়কের দাবি, ভয়ের কোনও কারণ নেই। খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। এদিন অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজও। ভারতীয় ক্রিকেটার জানিয়েছিলেন, হঠাৎ করেই প্রচন্ড পেটে ব্যথা শুরু হয় অভিষেকের। যার কারণে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে আর মাঠে নামানো হয়নি। অভিষেকের জায়গায় খেলেছিলেন সঞ্জু স্যামসন।
অবশ্যই পড়ুন: আমেরিকার বিরুদ্ধে জিতে খুশি নন সূর্য, কবে দলে ফিরবেন বুমরাহরা? মুখ খুললেন অধিনায়ক
এদিন অভিষেক শর্মার শারীরিক অসুস্থতার কথা জানানোর পাশাপাশি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার এও জানিয়ে দিয়েছিলেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন অভিষেক। সব ঠিক থাকলে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ অর্থাৎ নামিবিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে তাঁকে। এদিকে অভিষেকের শারীরিক অসুস্থতা চিন্তা বাড়িয়েছে ভক্তদের। তাঁদের একাংশের দাবি, জসপ্রীতের পর অভিষেক অসুস্থ হওয়ায় বিশ্বকাপে সমস্যা আরও বাড়ল ভারতের।