SIR নিয়ে আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে, সশরীরে নাকি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মমতা?

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে বেশ উত্তপ্ত রাজ্য রাজনীতি, শাসকদল থেকে বিরোধী দল সকলেই বর্তমানে ভোট প্রচারের এবং জনসংযোগ বৃদ্ধি করতে ব্যস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় সুপ্রিম কোর্টে SIR মামলা নিয়েও বেশ উত্তেজিত সকলে। জানা গিয়েছে আজ সোমবার, দিল্লির সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি। আর সেখানে মমতার (Mamata Banerjee) উপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। তাই এই মামলার গুরুত্ব বিচার করে আজ নজর থাকতে চলেছে দেশের শীর্ষ আদালতের দিকে।

SIR নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা

রিপোর্ট মোতাবেক, গত বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে এক নজিরবিহীন দৃশ্য চাক্ষুষ করেছিল গোটা দেশ। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ আইনজীবীদের সঙ্গে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের এজলাসে উঠেছিল সেই মামলা। সেদিন তিন সদস্যের বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের SIR সংক্রান্ত কর্মসূচিতে ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি ছ’টি চিঠি দিয়েও কমিশনের তরফে একটিরও উত্তর না মেলা নিয়েও গর্জে উঠেছিলেন মমতা।

কমিশনকে পাঠানো হয়েছিল নোটিস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, তথ্যে সামান্য অসঙ্গতি বা ভুলের কারণে যাতে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নামের বানান সংক্রান্ত সমস্যার জেরে যে শুনানির নোটিস পাঠানো হয়েছে, সেগুলি প্রত্যাহারের নির্দেশ দেওয়ার আবেদনও জানান তিনি। যদিও ওইদিন শুনানি শেষে কমিশনকে নোটিস দিয়েছিল সুপ্রিম কোর্ট। বেঞ্চ স্পষ্ট করে জানায়, পর্যাপ্ত যোগ্য অফিসার পাওয়া গেলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নাও পড়তে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আরও সংবেদনশীল হওয়ার এবং অপ্রয়োজনীয় নোটিস এড়ানোর দিকেও নজর দিতে বলা হয়। আর এই আবহে আজ ফের সুপ্রিম কোর্টে সেই মামলা উঠতে চলেছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে আজকের শুনানিতে মুখ্যমন্ত্রী কি ফের সশরীরে উপস্থিত থাকবেন, নাকি ভার্চুয়ালি শুনানিতে অংশ নেবেন?

আরও পড়ুন:ভোটের মুখে অতিরিক্ত ১৭,০০০ কোটি টাকা খরচ পশ্চিমবঙ্গ সরকারের, কোথায় কত?

প্রসঙ্গত, ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর সময়সীমা বৃদ্ধি নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি, বেশ কয়েকটি জেলার জেলাশাসক এই কাজের সময়সীমা আরও কিছুটা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। যদিও গতকাল রাত পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময়সীমা বৃদ্ধির বিষয়ে কোনো সবুজ সংকেত মেলেনি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে সব কিছুর উত্তর মিলবে কিছুক্ষণের মধ্যেই।

Leave a Comment