“নো SIR, নো ভোট”—নির্বাচন কমিশনকে এবার কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

Samik Bhattacharya

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন যত দিয়ে আসছে ততই যেন বিতর্ক চরম আকার ধারণ করছে। এদিকে রাজ্যের ভোটার তালিকা সংশোধন ঘিরে তৈরি হওয়া বিতর্ক ক্রমেই রাজনৈতিক সংঘাতের রূপ নিচ্ছে। রীতিমত মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। এমতাবস্থায় ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, “নো এসআইআর, নো ভোট। এসআইআর সম্পূর্ণ করেই নির্বাচনে যেতে হবে।”

কমিশনকে তোপ শমীকের

দ্য ওয়ালের রিপোর্ট মোতাবেক, সাংবাদিক সম্মেলনে রাজ্যে SIR পরিস্থিতি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি স্পষ্ট বলেন, “নো এসআইআর, নো ভোট (No SIR, No Vote)। এসআইআর সম্পূর্ণ করেই নির্বাচনে যেতে হবে।”এখানেই থামেননি তিনি। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশে চাপ বাড়িয়ে তাঁর আরও আর্জি, “আবার বলছি, জ্ঞানেশ কুমার আপনি কলকাতায় আসুন। পশ্চিমবঙ্গ নিজে ঘুরে দেখুন। আমাদের যে ফর্ম ৭ জমা দেওয়া যায়নি, সেটা জমা দিতে হবে। বাংলার মানুষকে ত্রুটিমুক্ত ভোটার তালিকা দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব ও দায়বদ্ধতার মধ্যেই পড়ে।”

মমতার SIR মামলা নিয়ে কী বললেন শমীক?

সাংবাদিকেরা শমীক ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR মামলা নিয়ে প্রশ্ন করলে তিনি কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রীর মামলা নিয়ে আমাদের কোনও উৎসাহ নেই। ওরা গোটা প্রক্রিয়াটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ওদের লক্ষ্য রোহিঙ্গায় ভরা পুরনো ভোটার লিস্টে ভোট করানো।” এছাড়াও ভোটার তালিকার কারচুপি নিয়ে শমীক বলেন, “মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিলেন। বাংলার ভোটার লিস্টে একাধিক ধৃতরাষ্ট্র পাওয়া গেছে, যাঁদের নাকি ১০০ জন করে সন্তান! এটা শুধু এই রাজ্যেই সম্ভব—এগিয়ে বাংলা!”

আরও পড়ুন: ‘দিল্লিকে বানাব খলিস্তান…’ রাজধানীর ৯টি স্কুল বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

উল্লেখ্য, এর আগেও SIR প্রক্রিয়াকে জোরালোভাবে বঙ্গ বিজেপি সমর্থন করলেও, সেই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছিল রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এইভাবে SIR চললে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেওয়া হবে না। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে কার্যত গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। পাশাপাশি তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে রাজ্যে আসার আহ্বানও করেছিলেন। এবার সেই দাবি পুনরায় করলেন শমীক।

Leave a Comment