বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীত বিদায় নেওয়ার পথে। আর কিছুদিনের মধ্যেই বসন্তকে স্বাগত জানাবেন সকলে। আর বসন্ত মানেই দোল উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় মেলবন্ধনের এই বিশেষ উৎসব। আর সেই উৎসবকে মাথায় রেখেই এবারেও হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। মূলত দোল উৎসবের সময় ট্রেনে যাত্রীদের ভিড় সামাল দিতেই এ বছর 1500টি হোলি স্পেশাল ট্রেন চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেলওয়ে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনগুলি চলবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে।
গতবছরের তুলনায় বাড়ছে স্পেশাল ট্রেনের সংখ্যা
ভারতে অসংখ্য যাত্রীর যাতায়াতের নির্ভরযোগ্য বিকল্প রেল ব্যবস্থা। বিশেষ করে উৎসবের সময় ট্রেনে ভ্রমণ করাটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। মূলত সে কারণেই যাত্রীদের সমস্যা দূর করতে এবছর একসাথে 1500 হোলি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল। গত বছর যাত্রী সুবিধার্থে দোলের সময় 1144টি ট্রেন চালিয়েছিল ভারতীয় রেলওয়ে। কাজেই এ বছর সংখ্যাটা অনেকটাই বাড়ছে সে কথা বলার অপেক্ষা রাখে না।
দেশের প্রধান রুট গুলিতে যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক করতেই এই বিশেষ পদক্ষেপ ভারতীয় রেলের। রেলের এক আধিকারিক জানিয়েছেন, দোল উৎসবে বহু মানুষ নিজেদের সুন্দর সময় উপহার দিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। এজন্য তাঁদের গন্তব্যে পৌঁছানোর অন্যতম মাধ্যম রেল ব্যবস্থা। ফলে সেই সময় ট্রেনে ভিড়ও থাকে অনেকটাই। সেই ভিড় সামাল দিতেই যাত্রীদের সুবিধাকে সামনে রেখে একের পর এক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত যা খবর, দোল উৎসবে যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে প্রাথমিকভাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল ইতিমধ্যেই পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চালু করার পরিকল্পনা নিয়েছে। আগামী দিনে যাত্রীদের প্রয়োজন মতো এই সংখ্যাটা আরও বাড়বে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে হোলির সময় স্পেশাল ট্রেনগুলি চালানো হবে নারেঙ্গী থেকে গোরক্ষপুর জংশন, কাটিহার থেকে অমৃতসর, ডিব্রুগড়-জয়নগর আবার জয়নগর-ডিব্রুগড়, নিউ জলপাইগুড়ি-মুজাফফরপুর এবং মুজাফফরপুর থেকে নিউ জলপাইগুড়ি, কিশানগঞ্জ-লালকুয়ান, লালকুয়ান থেকে কিশানগঞ্জ জংশনের মধ্যে। রেল সূত্রে খবর, 5 জোড়া স্পেশাল ট্রেন মূলত উভয় দিকে ছয়টি ট্রিপ করে চালানোর সিদ্ধান্ত হয়েছে। জানা যাচ্ছে, আগামী 17 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে স্পেশাল ট্রেন পরিষেবা। এই তারিখ থেকে আগামী 24 মার্চ পর্যন্ত 05974 ডিব্রুগড়-জয়নগর এক্সপ্রেস চলবে প্রত্যেক মঙ্গলবার।
অবশ্যই পড়ুন: করতে হবে হ্যান্ডশেক, ভারতের সাথে বিশ্বকাপ খেলতে ICC কে ৩ শর্ত বেঁধে দিল পাকিস্তান!
এছাড়াও 18 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত 05736 কাটিহার-অমৃতসর এক্সপ্রেস প্রত্যেক বুধবার কাটিহার স্টেশন থেকে ছাড়বে। একই সাথে 18 ফেব্রুয়ারি জয়নগর-ডিব্রুগড় 05973 এক্সপ্রেস ট্রেনটি 25 মার্চ পর্যন্ত সপ্তাহে শুধুমাত্র বুধবার চলবে। এখানেই শেষ নয়, আগামী 20 ফেব্রুয়ারি থেকে 27 মার্চ পর্যন্ত 05735 অমৃতসর-কাটিহার এক্সপ্রেস প্রত্যেক শুক্রবার যাতায়াত করবে। একই সাথে 21 ফেব্রুয়ারি থেকে 28 মার্চ পর্যন্ত নিউ জলপাইগুড়ি-মুজাফফরপুর আপ এবং ডাউন এক্সপ্রেস চলবে প্রত্যেক শনিবার। উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে এমনই 5 জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানো হবে বিভিন্ন রুটে।