প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলায় SIR বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করে চলেছে। এ নিয়ে প্রতিবাদে অনড় শাসকদল তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার SIR নিয়ে লেখা বইয়ের উল্লেখ করেছেন। সেখানে নাকি SIR নিয়ে ২৬ টি কবিতা লিখছেন। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে লিখলেন এক চাঞ্চল্যকর কবিতা।
কবিতা লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজ অর্থাৎ সোমবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে তাঁর লেখা একটি কবিতা পোস্ট করেছেন। যেখানে, কবিতার শুরুতেই লেখা রয়েছে, “ আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।/ আমি অস্বীকার করি – রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি – রক্তের উপর কালির শাসন।’ অর্থাৎ এই লেখার মাধ্যমেই বোঝা যাচ্ছে অভিষেক রাজ্যে সাম্প্রতিক হওয়া SIR পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন। এছাড়াও এসআইআরের কারণে ১৫০ জনের যে মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ হয়রানির মুখে পড়েছে সে সব কিছুকে কবিতায় নিজেকে ‘সাক্ষী’ হিসাবে তুলে ধরেছেন।
In the depths of my inner turmoil over an insidious process that has shattered lives and echoing the collective anguish, pain, and righteous fury of our people, I have channelled these emotions into a humble verse. pic.twitter.com/fpYrN4Opp2
— Abhishek Banerjee (@abhishekaitc) February 9, 2026
ইতিহাসের কথাও মনে করিয়ে দিলেন অভিষেক
কবি নবারুণ ভট্টাচার্য যেভাবে তাঁর লেখা কবিতা মৃত্যু উপত্যকা লিখেছিলেন সেই ধারাতেই এসআইআরের ‘মৃত্যু উপত্যকা’ নিয়ে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবিতার মাধ্যমে ইতিহাসের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। অভিষেক লিখেছেন, ‘আর ইতিহাস/ সে ক্ষমা করে না, সে তালিকা পড়ে না/ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল/কে দাঁড়িয়েছিল, কে আগুন জ্বালিয়েছিল! যে মানুষকে তুচ্ছ করে ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না।’ অর্থাৎ এসআইআর পরিস্থিতি নিয়ে শাসকদলের প্রতিবাদ যে স্পষ্ট তা প্রতিটি শব্দে এবং লাইনে বুঝিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভোটের আগেই মিটল সব দ্বন্দ্ব! বিয়ে বাড়িতে একসাথে কল্যাণ-মহুয়া
প্রসঙ্গত বাংলার SIR বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। আন্দোলন মিছিল কোনকিছুই বাদ যায়নি। আর এই অন্ধকার গোলার্ধের কাছে অভিষেকের কবিতা যেন হয়ে উঠেছে সেই বিতর্কের প্রতিচ্ছবি। যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “কোথা থেকে টুকল? কে লিখে দিয়েছেন? যাই হোক না কেন, কেউ একটা লিখে দিয়েছেন, উনি শুধু পোস্ট করেছেন। নির্বাচনের পর এই সব লেখার অনেক সময় পাবেন। তবে নিজে লেখার চেষ্টা করুন।”