বিষ খেয়ে গণ আত্মহত্যা পরিবারের ৫ সদস্যের, রোমহর্ষক ঘটনা মথুরায়

সহেলি মিত্র, কলকাতাঃ এবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। একই পরিবারের ৫ সদস্যের আত্মহত্যার খবর সামনে উঠে এসেছে। মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে বলে খবর। উত্তর প্রদেশের মথুরার মহাবন জেলার খাপারপুর গ্রামে একই পরিবারের পাঁচজন সদস্য আত্মহত্যা করেছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী এবং তাদের তিন নিষ্পাপ সন্তান রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পরিবারের সঙ্গে কী এমন ঘটেছিল যার দরুণ তাঁদের এরকম কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছিল?

মথুরায় একই পরিবারের ৫ সদস্যের গণ আত্মহত্যা

এবিপি-র রিপোর্ট অনুযায়ী, পরিবারটি বিষাক্ত পদার্থ মিশিয়ে দুধ পান করেছিল, যার ফলে সকলের মৃত্যু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছরিয়ে পড়তেই স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয় এবং তাঁরা ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নিয়েছে এবং তদন্ত শুরু করেছে। তবে এই গণ আত্মহত্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ আর্থিক অনটন এবং পারিবারিক কলহের মতো বিষয়গুলি খতিয়ে দেখে তদন্ত করছে। এই ঘটনাটি পাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

আরও পড়ুন: ১২ তারিখেই উচ্চ মাধ্যমিক, তার আগেই বড় সিদ্ধান্ত সংসদের!

তদন্ত শুরু পুলিশের

খবর অনুযায়ী, সোমবার সকালে পরিবারের কেউ অনেকক্ষণ অবধি ঘুম থেকে না ওঠায় সকলের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরেও কেউ না ওঠায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে পাঁচটি মৃতদেহ দেখতে পায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত ব্যক্তির বাড়ির বাইরে প্রচুর লোক জড়ো হয়েছিল। বর্তমানে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মধ্যে মনীশ, তার স্ত্রী, ছেলে এবং দুই মেয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment