সহেলি মিত্র, কলকাতা: SIR -কে কেন্দ্র করে একদিকে যখন সমগ্র বাংলা, সংসদ উত্তাল, ঠিক সেই সময়ে বাংলার আসন্ন বিধানসভা ভোট (WB Assembly Election 2026) নিয়ে সামনে এলো বড় তথ্য। খুব সম্ভবত মার্চ মাসেই ঘোষণা হয়ে যেতে পারে বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ। কবে কোথায় ভোট হবে, কত দফায় হবে সবটাই জানা যাবে মার্চ মাসে বলে শোনা যাচ্ছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।
২ মার্চ হতে পারে বাংলার ভোট ঘোষণা?
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, SIR প্রক্রিয়া শেষ হওয়ার পরেই অর্থাৎ মার্চ মাসেই হয়ে যেতে পারে বাংলার ভোট ঘোষণা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি বৈঠক করতে আজ মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। সিইও দফতর সূত্রে খবর, ভোট-প্রস্তুতি নিয়ে ওই রুটিন বৈঠক হবে। বৈঠকে যোগ দিতে মঙ্গলবার দিল্লি যাবেন তিনি।
বিভিন্ন সূত্রে খবর, কত দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে সিইও দফতরের কাছে জানতে চাইলে, তারা এক দফায় ভোট করানোর প্রস্তাব দেবে। তবে যাই হয়ে যাক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই।
বাংলায় কত দফায় ভোট হবে?
এখন সবথেকে বড় প্রশ্ন হল, ২৬-এ কত দফায় ভোট হতে পারে বাংলায়? সূত্রের খবর, বাংলায় ৩ দফায় ভোট হতে পারে। ২ দফায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ১ দফায়। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে একসঙ্গে ভোট হতে পারে। অন্যদিকে অশান্তি প্রবণ কিছু জেলা যেমন মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহারে কড়া নজর থাকছে কমিশনের। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনাতেও বিশেষ নজর থাকছে বলে কমিশন সূত্রে খবর। আগামী এপ্রিল-মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির সঙ্গেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা।