সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর-র কাজ এখন শেষ পর্যায়ে। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতর কিছুতেই কমছে না। নবান্নের তরফ থেকে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সরাসরি জানানো হয়েছে, নির্বাচন কমিশন নাকি গ্রুপ বি আধিকারিকদের নামের ডেটাবেস বিকৃত করেছে (Nabanna on Election Commission)! কিন্তু ঠিক কাকে নিশানা করেছে রাজ্য তা এখনও স্পষ্ট নয়। এমনকি এও বলা হয়েছে, এই ধরনের অপপ্রচার সুপ্রিম কোর্টের ৯ ফেব্রুয়ারি পর্যবেক্ষণের প্রেক্ষিতে বিভ্রান্ত ছড়ানোর জন্যই করা হচ্ছে।
বিজ্ঞপ্তি জারি নবান্নের
নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট জানালো, জাতীয় নির্বাচন কমিশনের কাছে ৮৫০৫ জন গ্রুপ বি কর্মীর তালিকা জমা দিয়েছিল রাজ্য। তবে তাদের নামের ডেটাবেদ বিকৃতভাবে উপস্থাপনার চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, রাজ্য সরকারের নজরে এসেছে যে, কিছু আধিকারিক ইচ্ছাকৃতভাবেই নির্বাচন কমিশনে জমা দেওয়া ওই গ্রুপ বি আধিকারিকদের নামের ডেটাবেস বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচন কমিশনের দাখিল করা গ্রুপ বি কর্মচারীদের তালিকা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে নির্ধারিত পে লেভেলের মানদণ্ড হিসেবেই তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, জমা দেওয়া স্মারকলিপিতে কর্মীদের গ্রুপ এ, বি, সি এবং ডি এই চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। তবে ওই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র গ্রুপ বি কর্মচারীদের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়। তবে এতে কোনও রকম বিচ্যুতি বা অনিয়ম করা হয়নি। তাই সাম্প্রতিক সময়ে জালিয়াতির অভিযোগ তুলে সংবাদমাধ্যমে যে বক্তব্য রাখা হয়েছে তা সম্পূর্ণ স্বার্থান্বেষী এবং অসত্য।
আরও পড়ুন: দাঁড়ানো বাধ্যতামূলক, বন্দে মাতরম নিয়ে নয়া গাইডলাইন জারি কেন্দ্রের
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর মামলার শুনানিতে নিজেই সশরীরে উপস্থিত ছিলেন। আর সেদিন কমিশনের আইনজীবীরা অভিযোগ করেন, রাজ্য সরকার বারবার অনুরোধ করা সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক যোগ্য কর্মী দেওয়া হয়নি। তাই এসআইআর-র কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা দায় হয়ে পড়ছে। তবে সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকার প্রয়োজনীয় সংখ্যক যোগ্য আধিকারিক দিতে প্রস্তুত। তবে গতকালের এই বিজ্ঞপ্তিতে ঠিক কাকে নিশানা করল নবান্ন, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।