বদলে গেল দিনক্ষণ! কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা?

SIR Final Voter List

প্রীতি পোদ্দার, কলকাতা: SIR নিয়ে বাংলায় রাজনৈতিক জট যেন কিছুতেই কাটছে না, এদিকে সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। অভিযোগ বিপুল কাজ বাকি কিন্তু তবুও সময়সীমা পিছোচ্ছে না কমিশন। স্বাভাবিকভাবে তাই এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় শীর্ষ আদালতের চাপে পড়ে সময়সীমা বাড়ল SIR চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List) প্রকাশের। অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, সেটাই মঙ্গলবার সরকারিভাবে ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।

স্ক্রুটিনির জন্য অতিরিক্ত ৭ দিন সময়

উল্লেখ্য, এতদিন ঠিক ছিল SIR শুনানি শেষ হওয়ার কথা ছিল ৭ ফেব্রুয়ারি এবং আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে SIR এর মামলা উঠতেই সব হিসেব যেন পাল্টে গেল। কারণ অভিযোগ উঠছে জারি করা সময়সীমা ফুরিয়ে গেলেও এখনও SIR এর বাকি অনেক কাজ। বহু জায়গায় শুনানির কাজ সম্পূর্ণ হয়নি বলে জানা যায়। সঠিকভাবে কাজ করছে না অনেকেই। তাই বিরোধীরা প্রশ্ন তুলেছিল যে এত দ্রুত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে কমিশন কতটা স্বচ্ছতা রাখবে? আর তাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ ২১ তারিখ পর্যন্ত স্ক্রুটিনির সময় দিয়েছে।

কবে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা?

SIR আবহে শীর্ষ আদালত স্ক্রুটিনির জন্য আরও ৭ দিন সময় অতিরিক্ত দেওয়ায় স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগছে তাহলে কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পরই স্পষ্ট হয়ে যায়, রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোতে চলেছে৷ এইজন্য গতকালই দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সবশেষে বহু আলোচনা পরই ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ জারি করল নির্বাচন কমিশন৷ জানানো হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

আরও পড়ুন: ৭ মে-র মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে, বাংলায় কাউন্টডাউন শুরু ভোটের

প্রসঙ্গত, এসআইআর পর্বের শুরু থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে দ্বন্দ্ব চলছে শাসকদল তৃণমূল কংগ্রেসের। তাঁদের অভিযোগ ছিল বিজেপির নির্দেশেই ইচ্ছা করে ভোটার তালিকা থেকে জীবিত ভোটারদের নাম সরিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই নাকি SIR এর কারণে আত্মহত্যাও করেছেন। আর এই আবহে নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেও কোনো রকম প্রতিক্রিয়া না পাওয়ায় বাধ্য হয়ে এই সংঘাতের জল গড়ায় সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালতে ছিল সেই সংক্রান্ত শুনানি। সেখানেই রাজ্য, কমিশন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য শুনে এসআইআর শুনানির সময়সীমা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

Leave a Comment