বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি T20 বিশ্বকাপে হচ্ছে ভারত-পাক ম্যাচ। এতদিন যা নিয়ে চূড়ান্ত সংশয় থাকলেও পাক সরকারের সিদ্ধান্তের পর মিটেছে সন্দেহ (India Vs Pakistan)। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোর মাটিতে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো একে অপরের মুখ দেখবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী। আর তার আগেই ভারতীয় দলকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানের তারকা স্পিনার উসমান তারিক। অনেকেই মনে করছেন, বিশ্বকাপের মঞ্চে এই প্লেয়ারই ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।
বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জন্য হুমকি উসমান তারিক!
পাকিস্তানি স্পিনার উসমানের বোলিং অ্যাকশন নিয়ে সংশয় রয়েছে বহু ব্যাটসম্যানের। এইতো কিছুদিন আগেই পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বীপাক্ষিক সিরিজে অজি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে বল করে আউট করেছিলেন তিনি। আউট হয়ে মাঠ ছাড়ার আগে অস্ট্রেলিয়ান ব্যাটার একরাশ বিরক্তি নিয়ে অঙ্গভঙ্গি করে বুঝিয়ে দিয়েছিলেন পাক স্পিনার বল ছুড়ে মারেন। এর আগেও এই পাকিস্তানি ক্রিকেটারের বল করার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বহু ব্যাটসম্যান। তাঁদের বক্তব্য একটাই, তারিকের বল দেখলে মনে হয় ও ছুড়ে মারছে।
পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে বারবার বল ছুড়ে মারার অভিযোগ উঠলেও তাঁর বোলিং অ্যাকশনে কোনও ভুল দেখতে পাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্ব ক্রিকেট সংস্থার যাবতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন উসমান। মূলত সে কারণেই পাকিস্তানি প্লেয়ারের রহস্যজনক বোলিং ভারতের জন্য বিশ্বকাপে চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ক্রীড়া মহলের একাংশ।
সবচেয়ে বড় কথা, সম্প্রতি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগেই একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের রহস্যময় স্পিনার। টিম ইন্ডিয়াকে সতর্ক করে তারিক জানিয়েছেন, “আমি আমার বোলিং অ্যাকশনের জন্য চাপে নেই, বরং ভারতের উপর চাপ থাকবে।” পাক ক্রিকেটারের এই এক বক্তব্যই ক্রিকেট ভক্তদের মনে বাড়িয়েছে অজস্র প্রশ্ন।
অবশ্যই পড়ুন: বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশ! এবার কি বিশ্বকাপে সুযোগ পাবেন মুস্তাফিজরা?
প্রশ্ন উঠছে কেন তিনি টিম ইন্ডিয়ার জন্য হুমকি হয়ে উঠবেন? এর সবচেয়ে বড় কারণ উসমানই প্রথম বোলার যিনি টানা সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ইনিংসে উইকেট তুলেছেন। সর্বশেষ 23টি টি-টোয়েন্টি ইনিংস থেকে অন্তত একটি করে উইকেট তুলেছেন এই পাক বোলার। ওই ইনিংসগুলির মধ্যে 4টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংস চলাকালীন 11টি উইকেট নিয়েছেন উসমান। আর এই পরিসংখ্যানই ভারতীয় ভক্তদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ তো, এই বোলার ভারতের ব্যাটিং অর্ডার ছারখার করে রেখে দিতে পারেন!