প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় ৪০ কোটি টাকা ক্ষতির দায় চেপেছে অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) এর কাঁধে। তাই বেশ চাপের মধ্যেই ছিলেন তিনি, এমতাবস্থায় হোয়্যাটসঅ্যাপে হুমকি বার্তা পেলেন অভিনেতা। খবর, একটি হোয়াটসঅ্যাপ ভয়েজ নোটের মাধ্যমে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে তাঁর কাছে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয়েছে রণবীর সহ গোটা পরিবারের।
হুমকি বার্তা পাঠানো হয়েছে রণবীরকে
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ মঙ্গলবার একটি হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে হুমকি বার্তা পাঠানো হয়েছিল রণবীর সিং-কে। বলা হয়েছিল বেশ কয়েক কোটি না দিলে প্রাণে মেরে ফেলা হতে পারে। এরপরই দেরি না করে সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের দ্বারস্থ হন রণবীর। কে এই হুমকি বার্তা দিল, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্র মারফত আশঙ্কা করা হচ্ছে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং থেকেই হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রণবীরের বাড়ি এবং আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্ত জারি রেখেছে পুলিশ।
তদন্তে নেমেছে মুম্বই পুলিশ
রণবীরের বাড়ির সামনে কড়া প্রহরা মোতায়েন করা হয়েছে। দম্পতি নিজেরাও ৬জন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ করেছেন।যদিও সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এ বিষয়ে অভিনেতা রণবীর সিং এর পক্ষ থেকে কোনও বিজ্ঞপ্তি বা বার্তা এখনও দেওয়া হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। এদিকে, পাঠানো ভয়েস নোটের কণ্ঠস্বর কার—তা শনাক্ত করতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি মুম্বই পুলিশের সাইবার সেল ওই হোয়াটসঅ্যাপ নম্বরটির আইপি অ্যাড্রেস ও লোকেশন ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে। তাই সব মিলিয়ে এই মুহূর্তে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: ১২০০ কন্ঠে কোরান পাঠ বেলডাঙায়, আজই শুরু মসজিদ নির্মাণের কাজ
প্রসঙ্গত, বলিউডে হুমকি-হুঁশিয়ারি পাওয়া তারকাদের কাছে যেন এক নয়া ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এর আগে সলমন খান, শাহরুখ খান-সহ আরও বেশ কয়েক জন তারকা প্রাণনাশের হুমকি পান। সেই থেকে বাড়তি নিরাপত্তা পান তাঁরা। এমনকি কয়েক দিন আগেই পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ভাইরাল হয়েছিল সেই ছবি, যদিও এই ঘটনায় গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছিল বিশ্নোই গ্যাং। মোট পাঁচ জনকে আটক করেছিল পুলিশ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রাণনাশের হুমকি পেলেন রণবীর সিং।