প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বর জানুয়ারিতে যেখানে পারদ দ্রুত নামছিল সেখানে ফেব্রুয়ারি পড়তে না পড়তেই ঠাণ্ডা অনেকটাই কমে এসেছে। দিনের পর দিন তাপমাত্রা যেন ধীরে ধীরে বাড়ছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, শীতের বিদায় ঘণ্টা নাকি প্রায় বেজে গিয়েছে। এই উইকেন্ডেই দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা (Weather Tomorrow) ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই অবস্থা হবে উত্তরবঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় উত্তর-পশ্চিম শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে, যা রাজ্যে শুষ্কতা বজায় রাখছে। এইমুহুর্তে কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে কনকনে ঠান্ডা না থাকলেও বিশেষত সকাল ও রাতের দিকে বজায় থাকবে হালকা শীত। রোদের তেজও ধীরে ধীরে বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, স্পষ্টভাবে তাপমাত্রার হেরফের বোঝা যাবে নাকি ১৪ ফেব্রুয়ারি থেকেই। ওই দিন থেকে বেশ গরম অনুভূত হতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বিগত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছিল। অনেকেই ভেবেছিল ফের হয়তো ঠাণ্ডার কামব্যাক হতে পারে। কিন্তু সব আশায় জল পড়ল। আগামী কাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রা। রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। দুপুরের দিকে ভালোই গরম পড়বে। তবে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে।
আরও পড়ুন: দিঘাপ্রেমীদের জন্য সুখবর, সমুদ্রনগরীতে তৈরি হবে নতুন হোটেল
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
শুধু যে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ বাড়বে তা নয় তার সঙ্গে উত্তরেও চড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কোথাও। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার প্রভাব থাকবে সকালের দিকে।