সহেলি মিত্র, কলকাতাঃ বাংলাজুড়ে এখন ক্রমশ উর্ধ্বমুখী তাপমাত্রা। যদিও এখনও তেমন কালঘাম ঝরানো গরম পড়েনি। এক কথায় গরম থাকলেও হালকা শীতের আমেজ একদম সকাল এবং সন্ধের দিকে ভালো মতোই টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার এবং আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়লেও উত্তর ও দক্ষিণবঙ্গে বজায় থাকবে শীতের মৃদু আমেজ। সকালের দিকে কুয়াশা ও ঠান্ডা হাওয়ার প্রভাব বজায় থাকায় শীতের অনুভূতি অনুভূত হচ্ছে। জানা গিয়েছে, আজও কলকাতা, হাওড়া, নদীয়া সহ বেশ কিছু জেলায় শীতের আমেজ থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Today) প্রসঙ্গে। আজ বৃহস্পতিবারও বেশ কিছু জেলায় শীতের ঝোড়ো ব্যাটিং চলবে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম সহ বাকি জেলাগুলির পারদ ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রি সেলসিয়াস অবধি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী ৪ দিন তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: অবিবাহিত, বিধবা ও ডিভোর্সপ্রাপ্ত মহিলারা পাবে ফ্যামিলি পেনশন! বিরাট উদ্যোগ রাজ্য সরকারের
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজও দার্জিলিং এবং কালিম্পং জেলায় হাড় কাঁপানো শীত থাকবে। সর্বনিম্ন পারদ ৪ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিংপং ও তার তৎসংলগ্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ ও আগামী ২ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার এক থেকে দুটি জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।