বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ, বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হচ্ছে সহজ প্রতিপক্ষ নামিবিয়া। তবে এই দেশটিকে মোটেই হালকাভাবে নিতে রাজি নন সূর্যকুমার যাদবরা। এদিকে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই বিস্ফোরক অভিযোগ করে বসলেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস (Namibia Captain On Team India)। তাঁর দাবি, একেবারে অন্যায় ভাবে ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে।
মাঠে নামার আগেই ভারতের বিরুদ্ধে বিস্ফোরক নামিবিয়ার অধিনায়ক
এবারের বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। ফলে বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে এই দুই দেশে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গড়াচ্ছে সন্ধ্যায়। আর তা নিয়েই সমস্যা নামিবিয়ার। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নামিবিয়ার অধিনায়ক বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সামনে রেখে অভিযোগ করলেন, তারা নাকি নামিবিয়া দলকে রাতে অনুশীলনের কোনও সুযোগ দিচ্ছে না। তাঁর কথায়, “দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পরপর দুদিন রাতে ফ্লাডলাইটের আলোয় অনুশীলনের সুযোগ পেয়েছে ভারত। তবে নামিবিয়ার ক্ষেত্রে সেই সুযোগ মেলেনি।”
এক কথায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নামবিয়াকে রাতে অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত করেছে বলেই অভিযোগ সে দেশের অধিনায়কের। এসব নিয়েই দলটির অধিনায়ক সরাসরি অভিযোগ করে জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতকে ইচ্ছে করেই সুবিধা পাইয়ে দিচ্ছে। জেরার্ড এর কথায়, “আমি জানিনা কেন, ম্যাচের আগে আমরা একদিনও রাতে অনুশীলন করার সুযোগ পাইনি। এদিকে ভারতকে দুবার রাতে অনুশীলনের সুযোগ দেওয়া হল। এবার আপনারা বুঝে নিন।”
অবশ্যই পড়ুন: BNP ক্ষমতায় এলেই এক হবে ভারত-বাংলাদেশ, উপকৃত হবে নয়া দিল্লি? মিলল উত্তর
প্রসঙ্গত, নামিবিয়ার কোনও ক্রিকেট স্টেডিয়ামেই ফ্লাডলাইটের ব্যবস্থা নেই। ফলে রাতে অনুশীলন করা বা ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই সে দেশের খেলোয়াড়দের। সেক্ষেত্রে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে রাতের অন্ধকারে ফ্লাডলাইটের আলোয় খেলতে কিছুটা সমস্যা হতে পারে তাদের। সেই জটিলতা কাটাতেই রাতে অনুশীলন করতে চেয়েছিল দলটি। তবে তা না পাওয়ায় একপ্রকার হুঙ্কার দিয়েই নামিবিয়ার অধিনায়ক জানিয়ে দিলেন, “দিনের আলোয় খেলার অভ্যাস আছে। তা দিয়েই আমরা মাতিয়ে দেব। এক চুল জায়গা ছাড়বো না।”