১৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে কীভাবে হারাবে ভারত? প্রস্তুতি কেমন? জানালেন তিনি

Tilak Varma On India Vs Pakistan T20 World Cup match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো টালবাহানার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে গড়াতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ (India Vs Pakistan)। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী। আর তার ঠিক আগেই পাকিস্তানকে হারানোর জন্য ভারত কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেটাই ফাঁস করলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার তিলক বর্মা। ভারতীয় ক্রিকেটার জানলেন, তিনি এবং গোটা ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।

কীভাবে পাকিস্তানকে হারাবে ভারত?

বৃহস্পতিবার, নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় আসন্ন পাকিস্তান ম্যাচের প্রস্তুতি নিয়ে। ভারতীয় তারকা একেবারে খোলাখুলি জানান, “আমরা পাকিস্তানের সাথে খেলতে প্রস্তুত। দুদিন আগেই আমরা জানতে পেরেছি আমাদের খেলতে হবে। আমরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমিও নিজেকে পুরোপুরি প্রস্তুত করছি।”

তিলক আরও বলেন, “শুধুমাত্র পাকিস্তান নয়, আমরা গোটা টুর্নামেন্টে সব দলের পারফরমেন্সের উপর নজর রাখছি। তাঁরা কীভাবে খেলছে আমরা সবটাই দেখছি।” পাকিস্তানকে হারাতে কীভাবে প্রস্তুতি নিচ্ছে ভারত? এমন প্রশ্নের উত্তরে বর্মা বলেন, “আমাদের দলের ব্যাটসম্যানরা পাকিস্তান সহ অন্যান্য দলের বোলারদের উপর নজর রেখে কাজ করছেন। পাকিস্তানের সমস্ত বোলারের উপর আমাদের নজর রয়েছে। তাঁদের ব্যাটসম্যানরা কী করছে সেটাও দেখছেন আমাদের বোলাররা। আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। পাকিস্তানের প্লেয়ারদের গতিবিধি বুঝেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”

অবশ্যই পড়ুন: BNP ক্ষমতায় এলেই এক হবে ভারত-বাংলাদেশ, উপকৃত হবে নয়া দিল্লি? মিলল উত্তর

উল্লেখ্য, কিছুদিন আগেই ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিলক বর্মা। যার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সুযোগ হয়নি তাঁর। তবে দীর্ঘ অনুশীলন এবং চিকিৎসক দলের সহায়তায় শেষ পর্যন্ত সর্বশক্তি নিয়ে মাঠে ফিরেছেন তিনি। বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপ শুরু হতেই নিজের ব্যাটের জাদু দেখিয়েছেন বর্মা। আসন্ন পাকিস্তানের ম্যাচেও তাঁকে রুদ্রমূর্তিতে দেখা যাবে বলেই আশা করছেন ভক্তরা।

Leave a Comment