সৌভিক মুখার্জী, কলকাতা: এবার আর হাতে ধরে দেখা হবে না উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র। হ্যাঁ, পরীক্ষার খাতা দেখার নিয়মে আসছে বিরাট পরিবর্তন। এমনই ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE Board)। জানা গিয়েছে, এবার অন স্ক্রিন মার্কিং চালু হচ্ছে এই বোর্ডে। অর্থাৎ, পরীক্ষার্থীদের উত্তরপত্র যাচাই করতে শিক্ষক-শিক্ষিকাদের আলাদা করে কোনও রকম ঝামেলা পোহাতে হবে না। ডিজিটাল ভাবেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। আর এতে খাতা দেখার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা বাড়বে।
চালু হচ্ছে অন স্ক্রিন মার্কিং পদ্ধতি
সিবিএসই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র অন স্ক্রিন মার্কিং পদ্ধতিতে দেখা হবে। অর্থাৎ, শিক্ষক-শিক্ষিকাদের আলাদাভাবে হাতে ধরে আর খাতা দেখতে হবে না। মূলত পরীক্ষা সংক্রান্ত কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে আপাতত শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতেই এই নিয়ম চালু হবে। দশম শ্রেণীর ক্ষেত্রে আগের মতো হাতে ধরে খাতা দেখবে পরীক্ষকরা।
এও জানানো হয়েছে যে, এই পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন শেখানোর জন্য শিক্ষক-শিক্ষিকাদের আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। সেক্ষেত্রে OASIS আইডি ব্যবহার করেই তাদেরকে লগইন করতে হবে। তারপর খুব সহজেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা খাতা দেখতে পারবে। আর সমস্যা সমাধানের জন্য কল সেন্টারের ব্যবস্থাও থাকবে। এমনকি নির্দেশিকা সম্বলিত ভিডিও থাকবে শিক্ষকদের হাতে, যাতে তাদের কোনও রকম সমস্যা না হয়।
আরও পড়ুন: গণভোটে অশান্তি, একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ, জামাতের হাতে প্রাণ গেল বিএনপি নেতার!
কী এই অন স্ক্রিন মার্কিং পদ্ধতি?
জানিয়ে রাখি, এই পদ্ধতিতে পরীক্ষার্থীদের লেখা উত্তরপত্র স্ক্যান করে প্রথমে অনলাইন পোর্টালে আপলোড করতে হয়। তারপর ডিজিটাল মাধ্যমে সেই উত্তরপত্র মূল্যায়ন করতে পারবে শিক্ষক-শিক্ষিকারা। এতে চোখের ভুল কমবে এবং খাতা দেখায় স্বচ্ছতা ফিরবে। পাশাপাশি সমস্ত কিছু নিখুঁতভাবে সম্পন্ন হলে প্রাপ্ত নম্বর যাচাই বা রিভিউ-র প্রয়োজন পড়বে না। এতে শিক্ষকদের যাতায়াতের সময় ও খরচে বাঁচবে। তবে হ্যাঁ, এই পদ্ধতি কার্যকর করার জন্য প্রত্যেকটি স্কুলে কম্পিউটার ল্যাব থাকতে হবে। আর সেখানে আইপি নম্বর দরকার হবে। পাশাপাশি ল্যাপটপ বা কম্পিউটারে অবশ্যই উইন্ডোজ ৮ বা তার উপরের অপারেটিং সিস্টেম থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সি ড্রাইভে কমপক্ষে ৪ জিবি র্যাম এবং ১ জিবি স্পেস ফ্রি থাকতে হয়। এছাড়া ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তবে শুধুমাত্র এটি সিবিএসই বোর্ডের পক্ষ থেকেই চালু করা হচ্ছে। অন্যান্য বোর্ডে এই পদ্ধতি চালু করা হবে কিনা, সে সম্পর্কে এখনও ওয়াকিবহাল নয় প্রযুক্তি মহল।