সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। শেখ হাসিনা জামানার ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশের প্রথম এই জাতীয় নির্বাচনে তুঙ্গে রাজনীতির উত্তেজনা। আর এই নির্বাচনের মূল লড়াই বাংলাদেশ ন্যাশনালিস্ট লিস্ট পার্টি বনাম জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এখন ওপার বাংলার রাজনীতির সমীকরণ সম্পূর্ণ ঘুরে গিয়েছে। আর এহেন পরিস্থিতিতে ভোটের আগের একাধিক সমীক্ষা বলছে, বিএনপি সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে। সেই সূত্র দলের চেয়ারম্যান তারেক রহমানই (Tarique Rahman) কি তাহলে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন?
১৭ বছর পর দেশে ফিরে সরাসরি প্রধানমন্ত্রীর দৌড়ে
বিএনপি প্রধান তারেক রহমান গত বছরের ডিসেম্বর মাসে আমেরিকা থেকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন। তিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তথা তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। মায়ের শাসনকালে তারেক রহমানকে অনেকেই ‘ডার্ক প্রিন্স’ বলে ডাকতেন। অভিযোগ ছিল, তিনি নাকি হাওয়া ভবন থেকে এক প্রকার ছায়ার মাধ্যমেই প্রধানমন্ত্রী দফতর চালাতেন।
সমীক্ষায় এগিয়ে রয়েছে বিএনপি
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই-এর ডিসেম্বরে প্রকাশিত সমীক্ষা বলছে, ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সবথেকে বেশি আসন পেতে পারে। আর তাদের সরকার গঠনের সম্ভাবনাও প্রবল। পাশাপাশি এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্টের সমীক্ষা অনুযায়ী, বিএনপি এবার ৩০০টি আসনের মধ্যে মোট ২০৮টি আসন পেতে পারে। আর জামায়াতে ইসলামী পেতে পারে মাত্র ৪৬টি আসন। এমনকি সমীক্ষায় আরও দাবি করা হচ্ছে, নারী ভোটারদের মধ্যে বিএনপি-র সমর্থন তুঙ্গে থাকবে, আর প্রাক্তন আওয়ামী লীগ ভোটাররা ৮০% বিএনপি-র দিকে ঝুঁকবে।
পাশাপাশি ন্যাশনালিস্ট রিসার্চ সেলের রিপোর্ট বলছে, এবার ৭৭% ভোট পেতে পারে বিএনপি। তাদের সম্ভাব্য আসন হতে পারে প্রায় ২২০টি। অন্যদিকে জামায়াতে মাত্র ৫৭টি আসন পেতে পারে। এছাড়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির সমীক্ষা কিছুটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। তারা বলছে, বিএনপি জোট এবার মোট ৪৪.১% ভোট শেয়ার দখল করতে পারবে। অন্যদিকে জামায়াতে নেতৃত্বাধীন ১১টি দলের জোট মোট ৪৩.৯% ভোট নিজেদের পকেটে ভরতে পারবে। অর্থাৎ, সামগ্রিক ভোটে বিএনপি এগিয়ে থাকলেও কিছু কিছু আসনে জামায়াতে এগিয়ে থাকছে।
আরও পড়ুন: শিয়রে GST তরজা! এবার নির্মলার কটাক্ষের পর তালিকা ধরে হিসাব দিলেন অভিষেক
ভোট দিয়েছেন তারেক রহমান
প্রসঙ্গত, ঢাকার গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এদিন ভোট দিয়েছেন বিএনপি প্রধান তারেক রহমান। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, এক দশকের বেশি সময় ধরেই মানুষ এই দিনটির অপেক্ষায় ছিল। আইনশৃঙ্খলা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ ফার্স্ট নীতি, দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, প্রশাসনিক সংস্কার এবং নিরাপত্তা জোরদারের উপর সবথেকে বেশি নজর দেওয়া হবে। এখন সবটাই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে।