ইমরান খানের জন্য একজোট গাভাস্কার-কপিল-স্টিভরা! পাকিস্তান সরকারকে কড়া চিঠি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ক্রিকেট জগতেও যথেষ্ট পরিচিত। সর্বোপরি 1992 সালের বিশ্বকাপে পাকিস্তানকে জিতিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক ইমরান খান (Imran Khan)। এবার সেই ইমরানের পাশে দাঁড়ালেন ক্রিকেট দুনিয়ার এক ঝাঁক তারকা। জানা যাচ্ছে, দীর্ঘদিন জেলবন্দি ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবল উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারকে কড়া চিঠি দিয়েছেন কপিল দেব, সুনীল গাভাস্কার থেকে শুরু করে মোট 14 জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক তথা ক্রিকেটার।

চিঠিতে ঠিক কী দাবি জানানো হয়েছে?

ANI এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের জেলেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে জেনে পাক সরকারকে চিঠি লিখেছেন ক্রিকেট দুনিয়ার তাবড় তাবড় ব্যক্তিত্বরা। ইমরান খানের যাতে সঠিক চিকিৎসা হয় এবং পাকিস্তান সরকার যেন তাঁর প্রতি মানবিক হয়ে শারীরিক উন্নতির জন্য সমস্ত রকম পদক্ষেপ নেয় সেই দাবিই জানানো হয়েছে ওই চিঠিতে। চিঠিতে সই করেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার থেকে শুরু করে কপিল দেব, সই করেছেন গ্রেগ চ্যাপেল, লাইভ লয়েড, স্টিভ স্মিথ সহ মোট 14 জন প্রাক্তন ক্রিকেটার।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারত থেকে শুরু করে অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশের প্রাক্তন অধিনায়করা পাকিস্তানের ইমরান খানের সমর্থনে দাঁড়িয়ে পাক সরকারকে চিঠি দিলেও ওই চিঠিতে সই করেননি পাকিস্তানের কোনও প্রাক্তন অধিনায়ক। যদিও সোশ্যাল মিডিয়ায় ইমরান খানকে নিয়ে পোস্ট করেছিলেন পাকিস্তানের পরিচিত মুখ ওয়াসিম আকরাম, ওয়াকার উনিস ও শাহিন আফ্রিদি। প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসা যাতে ঠিকঠাক হয় সেই দাবিই করেছিলেন তাঁরা।

আরও পড়ুনঃ হোলির আগেই DA বাড়তে পারে কর্মীদের! কতটা বাড়বে বেতন?

ইমরান খানের সমর্থনে পাকিস্তান সরকারকে পাঠানো ওই চিঠিতে বিভিন্ন দেশের অধিনায়করা একেবারে স্পষ্ট ভাষায় লিখেছেন, “ইমরান খান একজন বিশ্বমানের অলরাউন্ডার। ছিলেন অধিনায়কও। তবে এটাই তাঁর শেষ পরিচয় নয়। পাকিস্তানকে 1992 সালের বিশ্বকাপে হাত ধরে ঐতিহাসিক জয় পাইয়ে দিয়েছিলেন তিনি। রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বর দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হয়।”

 

এদিন পাকিস্তান সরকারের কাছে প্রাথমিকভাবে ইমরান খানের দ্রুত এবং উন্নত চিকিৎসার দাবি জানিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। দ্বিতীয় দাবি হিসেবে রাখা হয়েছিল, আন্তর্জাতিক মানের সাথেই মানবিক বন্দিত্বের পরিবেশ তৈরি করা এবং পরিবার যাতে ইমরান খানের সাথে নিয়মিত সাক্ষাৎ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সবশেষে জানানো হয়েছিল, স্বচ্ছ এবং নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে পাকিস্তান সরকারকে।

অবশ্যই পড়ুন: শুধু লক্ষীর ভান্ডার-কৃষক বন্ধুই নয়, এই প্রকল্পে নাম থাকলেও মিলবে না যুবসাথী

উল্লেখ্য, 2022 সালে পাকিস্তানের সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরের বছর অর্থাৎ 2023 সালেই জেলে বন্দি করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। তবে তিনি একা নন, সে বছর থেকেই জেল জীবন ভোগ করছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। আসলে প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খানের বিরুদ্ধে উঠেছিল একগুচ্ছ দুর্নীতির অভিযোগ। সেই মামলাতেই 31 বছরের সাজা ভুগছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

Leave a Comment