প্রীতি পোদ্দার, কলকাতা: অপেক্ষা প্রায় শেষের পথে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ, শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final List) প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কতজনের নাম বাদ পড়বে, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।জানা গিয়েছে, প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। কিন্তু যেহেতু এখনও যোগ্য ও অযোগ্য ভোটারদের চূড়ান্ত বাছাই শেষ হয়নি তাই আপাতত তালিকায় সকলের নামই রাখা হচ্ছে। আর সেই ক্যাটেগরিই নির্ধারণ করবে আপনার ভোটাধিকার নিশ্চিত করা আছে কি না।
ক্যাটেগরি ভিত্তিক তালিকা প্রকাশ
আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন যে, চূড়ান্ত তালিকায় সকলের নাম থাকবে। এমনকি যাঁদের নাম ওঠার বিষয়টি বিচারাধীন অর্থাৎ নথি যাচাই হয়নি অথবা তথ্য মেলেনি, তাঁদের নামও থাকবে চূড়ান্ত তালিকায়। সেক্ষেত্রে কমিশন ভাগ করে দেবে ‘ক্যাটেগরি’। অর্থাৎ কারা ‘যোগ্য’, কাদের নাম এখনও যাচাই করা যায়নি, তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে। যোগ্য ভোটারদের নাম তালিকায় শুধু উল্লেখ থাকবে অর্থাৎ, তাঁরা ভোটদানের অধিকারী। আর যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছে, তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’। এবং যাঁদের নাম বাদ পড়বে তাঁদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে।
SIR তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন না!
‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ ক্যাটাগরিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকায় ভোটারের নাম থাকলেও তাঁর ভোটাধিকার নিশ্চিত নয়। এর ফলে পুনরায় ভোটারের সমস্ত নথিপত্র আরও এক দফা খতিয়ে দেখা হবে। তারপর নির্বাচন কমিশন একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। ওই ভোটারের নাম যদি পরবর্তী তালিকায় থাকে তবেই ভোটাধিকার নিশ্চিত হবে। কিন্তু যদি সেই তালিকা থেকে নাম বাদ যায়, তাহলে ভোট দেওয়া যাবে না। রিপোর্ট বলছে আপাতত প্রায় ৬০ লক্ষ ভোটারের ‘অমীমাংসিত’ তালিকায় থাকতে পারে। ফলে তাঁদের চূড়ান্ত নিশ্চয়তার জন্য অপেক্ষা করতে হবে সাপ্লিমেন্টারি লিস্টের।
আরও পড়ুন: ‘কমনওয়েলথে সোনা পেয়েছেন স্বপ্না বর্মণ!’ অ্যাথলেটকে নিয়ে বেফাঁস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
প্রসঙ্গত, আজকের চূড়ান্ত ভোটার তালিকা অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে দেখা যাবে। অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক উপায় রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা থাকবে। তবে যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের আপাতত ডিএম, এসডিও, বিডিও বা রাজনৈতিক দপ্তরে গিয়ে তালিকা দেখতে হবে।