মদ তো ছিলই, এবার থেকে এই জিনিসগুলি নিয়ে কলকাতা মেট্রোয় উঠলেই জেল!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়ের সাথে সাথে শহর কলকাতায় (Kolkata) নিজের বিস্তার বাড়াচ্ছে পাতাল রেল (Kolkata Metro)। আসলে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই মেট্রোর এই সম্প্রসারণ। প্রতিদিন হাজার হাজার মানুষ কলকাতা মেট্রোর বুক ধরে এক স্থান থেকে নিজের গন্তব্যে পৌঁছচ্ছেন। আবার ফিরে আসছেন পূর্বের ঠিকানায়। তবে মেট্রোর নিত্যযাত্রী হওয়া সত্ত্বেও এমন অনেকেই রয়েছেন যাঁরা মেট্রোয় কোন কোন জিনিস নিয়ে ওঠা যায় না সে বিষয়ে ওয়াকিবহাল নন। এবার তাঁদের জন্যই নিষিদ্ধ জিনিসপত্রের তালিকা প্রকাশ করল মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু বস্তু ব্যাগে বা অন্য কোনও উপায়ে মেট্রোয় নিয়ে উঠলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে যাত্রীদের।

এইসব দ্রব্য মেট্রোয় নিয়ে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ

কলকাতা মেট্রোর দৌলতে যেমন অল্প সময় আরামদায়ক যাত্রার সুবিধা নিতে পারেন অফিস যাত্রীরা, তেমনই কাজ সেরে মেট্রোতে চেপেই বাড়ি ফেরেন বিভিন্ন মিস্ত্রি শ্রেণীর মানুষেরা। মেট্রোর নিরাপত্তা কর্মীদের একাংশের অভিযোগ, অনেক সময় বিভিন্ন সেন্টারিং মিস্ত্রিরা বাড়ি ফেরার পথে ব্যাগে করে ছেনি, হাতুড়ি, স্ক্রু ড্রাইভারের মতো নানান যন্ত্রপাতি নিয়ে মেট্রো স্টেশনে আসেন। পরবর্তীতে স্টেশনের স্ক্যানারে ব্যাগ দেওয়ার সময় আটকে যান তাঁরা। অনেকেই আবার স্ক্যানার মেশিনে ব্যাগ রাখতে চান না। এর ফলে তৈরি হয় সমস্যা। বাঁধে অশান্তি। মূলত সে কারণেই এই ধরনের সমস্যা এড়াতে এবং যাত্রী সুরক্ষায় কড়া নজর দিয়েছে মেট্রো রেল।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ছেনি, হাতুড়ি, কাস্তে, কুড়ুলের মতো যন্ত্রপাতির পাশাপাশি ধারালো ছুরি, কাচি, ছোট বা বড় ব্লেড এমনকি শাবল, ছোট কুঠারি, স্ক্রু ড্রাইভার এমনকি তরল পদার্থের মধ্যে মদ, স্পিরিট, কেরোসিন, পেট্রোল, অন্যান্য এনে নেশাজাত কোনও তরল পদার্থ মেট্রোতে নিয়ে ওঠা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও মেট্রোরেলের তরফে জানানো হচ্ছে, বিভিন্ন বিপদজনক তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড, বিষাক্ত পদার্থ, কাঁদানে গ্যাস, ডিনামাইট বিস্ফোরক, অন্য রাসায়নিক পদার্থ, মানবদেহের ভস্ম, ছাই, মৃতদেহ, কঙ্কাল, হাড়, মাংস নিয়ে মেট্রোয় ওঠা যায় না।

অবশ্যই পড়ুন: ব্যাট-বল দুদিকেই পারদর্শী, KKR-র সহ অধিনায়ক হচ্ছেন সেই প্লেয়ার!

মেট্রোর আধিকারিকরা বলছেন, বড় ব্যাটারি, প্লাস্টিকের গ্রেনেড, গান পাউডার, পিস্তল, ছোট ব্লেডের মতো জিনিসগুলি নিয়ে মেট্রোয় যাতায়াত করা শাস্তিযোগ্য অপরাধ। সাধারণত বহু মানুষ ছোট চারা গাছ বা সিল না করা কাঁচা মাংস নিয়ে মেট্রোয় ওঠার চেষ্টা করেন। তখনই তাঁদের ধরে ফেলেন আরপিএফ। পরবর্তীতে বাঁধে বচসা। তাই এবার থেকে এই সব দ্রব্য নিয়ে মেট্রো যাতায়াতের ক্ষেত্রে কড়া হচ্ছে মেট্রো রেল। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, কেউ যদি এই বিধি নিষেধ অমান্য করেন সেক্ষেত্রে 500 টাকা জরিমানা এবং চার বছর পর্যন্ত জেল হতে পারে।

Leave a Comment