প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, এরপরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। এদিকে নির্বাচনের দামামা বাজতেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন (Election Commission Of India)। একধাক্কায় ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। জানা গিয়েছে সোমবার রাতে এই চাঞ্চল্যকর বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়। উল্লেখযোগ্য বিষয় হল এই রিটার্নিং অফিসারদের মধ্যে অধিকাংশই মহকুমাশাসক। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রেও এই রিটার্নিং অফিসার বদল হয়েছে।
৭৩ রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার রাতে এক জরুরি নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুসারে, একধাক্কায় ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। জানা গিয়েছে অপসারিত আধিকারিকদের মধ্যে অধিকাংশই মহকুমাশাসক পদমর্যাদার। তালিকা অনুযায়ী, কোচবিহারের তুফানগঞ্জ, জলপাইগুড়ি, মালদহ সদর, মুর্শিদাবাদের লালবাগ, ব্যারাকপুর, বিধাননগর, বারাসত, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর, বুগলি সদর, তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, ঘাটাল, দুর্গাপুর, আসানসোলে নতুন এসডিও নিয়োগ করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের RO-কেও সরানো হয়েছে। সেখানকার নতুন পদ পেলেন ২০১১ সালের WBCS অফিসার সুরজিৎ রায়।
সবচেয়ে বেশি রদবদল কোথায়?
কমিশনের নির্দেশিকা অনুযায়ী তুফানগঞ্জের এসডিও হয়েছেন শান্তনু কর্মকার, জলপাইগুড়িতে নির্মল ঘরামি, ব্যারাকপুরের এসডিও হয়েছেন যাদব সূর্যভান আচ্ছেলাল, হাওড়া সদরের এসডিও হয়েছেন বিবেক পঙ্কজ। সবচেয়ে বেশি রদবদল হয়েছে উত্তর ২৪ পরগনায়, সেখানে নাকি ১৩ জন আরও-কে রদবদল করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় ১০ জন আরও-কে রদবদল করা হয়েছে। আসলে রাজ্যে মোট ২৯৪ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সাধারণভাবে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। প্রার্থীদের নমিনেশন গ্রহণ থেকে নির্বাচনের সময় সবকিছুর দায়িত্বভার থাকে এই অফিসারদের উপরই। এবার তাঁদেরকে পরিবর্তন করল কমিশন।
আরও পড়ুন: মধ্যরাতে SIR সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, বাদ পড়লেন কারা? দেখে নিন এখনই
প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর থেকেই একে একে আমলা, পুলিশ স্তরে রদবদল করে চলেছে নির্বাচন কমিশন। প্রথমেই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। গত বুধবার, কমিশন রাজ্যের ১১ জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করে। একের পর এক এই রদবদল নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অর্ককুমার নাগ। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের এক্তিয়ার ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। সেই সময় কমিশনের আইনজীবী জানান, পাঁচটি রাজ্যে ভোট হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ।