সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারে লাগাম টানার জন্য এবার বিরাট সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা বাড়ানোর জন্য এমনকি গেমিং প্ল্যাটফর্ম ও ডেটিং অ্যাপের জন্য বাধ্যতামূলকভাবে কেওয়াইসি (Know Your Customer) যাচাইকরণ ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট বা টুইটারের মতো অ্যাপগুলি ব্যবহারকারীদের ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা বন্ধ করবে, এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার দূর হবে।
সোশ্যাল মিডিয়ায় বাধ্যতামূলক কেওয়াইসি
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই কেওয়াইসি প্রক্রিয়ায় একেবারে ব্যাঙ্কের আদলেই হতে পারে। ব্যাঙ্ক বা মোবাইল কোম্পানিগুলি যেমনভাবে কেওয়াইসি যাচাইকরণ করে, ঠিক সেরকমই সাইন আপ করে আধার ভেরিফিকেশন করে পরিচয়পত্র জমা দিতে হবে। আর এই পদক্ষেপ মূলত ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা কমাবে এবং অনলাইন জালিয়াতি কমে যাবে। পাশাপাশি সাইবার অপরাধীদের খুঁজে বের করা আরও সহজ হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।
এদিকে জানিয়ে রাখি, এই সিদ্ধান্ত সরকার হঠাৎ করে নেয়নি। ডিজিটাল অপরাধ বা সাইবার ক্রাইম দেশজুড়ে মাথাচাড়া দিয়ে বাড়ছে। এ বিষয়ে একটি সংসদীয় কমিটি এই প্রস্তাব তুলে ধরেছিল। বিশেষ করে অনলাইন হয়রানি, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি শেয়ার বা পরিচয়পত্র চুরি, সাইবার ক্রাইমের মতো ঘটনাগুলি সাধারণ মানুষকে দিনের পর দিন বিভ্রান্তে ফেলছে। এমনকি ভুয়ো প্রোফাইলের আড়ালেই এগুলি ঘটছে। যার ফলে সাইবার ক্রাইম ব্রাঞ্চের পক্ষে আসল অপরাধীকে খুঁজে বের করা কিছু কিছু সময় কঠিন হয়ে পড়ছে। তবে যদি কেওয়াইসি ভেরিফিকেশন করা হয়, তাহলে সেই অপরাধীকে খুঁজে বার করা আরও সহজ হবে।
আরও পড়ুন: ডিলিট লিস্টে নাম উঠল প্রাক্তন বিচারপতির! SIR তালিকা ঘিরে নতুন বিতর্ক কোর্ট চত্বরে
নারী এবং শিশু সুরক্ষার উপরেও দেওয়া হচ্ছে জোর
এদিকে নারী এবং শিশুদের সুরক্ষার উপরও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য বয়সসীমা নিয়ে আলোচনা করা হচ্ছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ সহ কিছু কিছু রাজ্যে বাচ্চাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। হ্যাঁ, ১৬ বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ ব্যান করার চিন্তাভাবনা করছে রাজ্যগুলির সরকার। এমনকি ডেটিং এবং গেমিং সাইটগুলিও ব্যান করার বিষয়ে আলোচনা চলছে। আর ব্যবহারকারীদের বয়স যাচাই করা গেলে অপ্রাপ্তবয়স্কদের সহজেই ব্লক করা যাবে বলেই মত প্রকাশ বিশেষজ্ঞদের।