বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রীদের সময় বাঁচাতে এবং দূর দূরান্তে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের সময় কমাতে বড় উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। রেল (Indian Railways) কর্তৃপক্ষ জানিয়েছে, রেল নেটওয়ার্ক জুড়ে মোট 35টি ট্রেনের গতিবেগ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে 675 মিনিট সময় সাশ্রয় হবে যাত্রীদের। প্রত্যেকটি ট্রেনের ক্ষেত্রে 19.29 মিনিট সময় কমে আসছে। মূলত সাপ্তাহিক, দৈনিক এমনকি দ্বি সাপ্তাহিক অর্থাৎ সমস্ত ধরনের ট্রেনে এই নিয়ম কার্যকর হচ্ছে। ফলে এবার থেকে অনেক দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।
90 মিনিট পর্যন্ত সময় কমছে এই ট্রেনগুলির
রেলের তরফে জানানো হয়েছে, বিশেষত হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-বঙ্গাইগাঁও এক্সপ্রেস, ডিব্রুগড়-দেওঘর এক্সপ্রেসের মতো একাধিক ট্রেনের সময় অনেকটাই কমানো হচ্ছে। সূত্রের খবর, এই ট্রেন গুলিতে যথাক্রমে 30 মিনিট, 60 মিনিট এবং 90 মিনিট পর্যন্ত সময় কমে যাচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের এমন পদক্ষেপে এই ট্রেন গুলির যাত্রীদের মূল্যবান সময় অনেকটাই সাশ্রয় হবে বলেই আশা করা যাচ্ছে।
জানা গিয়েছে, ট্রেনের গতিবেগ বাড়ানোর পাশাপাশি উন্নত সেকশনাল স্পিড এবং সময় সূচির পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দিয়েছে রেল। ইন্টারসিটি মেল/এক্সপ্রেস এবং অন্যান্য যাত্রীবাহী ট্রেনগুলির ক্ষেত্রেও যাতে যাত্রীদের সুবিধা হয় সেদিকেই মনোযোগী রেলওয়ে। আসলে এতদিন উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে বিভিন্ন এক্সপ্রেস এবং মেইল ট্রেনের গতিবেগ কম হওয়ায় নানান অভিযোগ জানাচ্ছেন যাত্রীরা। এবার সেই সব অভিযোগের পরই একাধিক ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল।
অবশ্যই পড়ুন: নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন মোদী, এর বৈশিষ্ট্য জানলে অবাক হবেন
প্রসঙ্গত, 35টি ট্রেনের গতিবেগ বাড়ানোর যে সিদ্ধান্ত রেল নিয়েছে তাতে একদিক থেকে যেমন যাত্রীদের ভ্রমণের সময় অনেকটাই কমছে তেমনই বৃদ্ধি পাচ্ছে নির্ভরযোগ্যতা। এর ফলে শক্তি সঞ্চয়ের মধ্যে দিয়ে একই সময়ের মধ্যে আরও বেশি ট্রেন চালানোর সুযোগ পাবে ভারতীয় রেল। একদিক থেকে যাত্রীদের পাশাপাশি লাভ হবে রেলেরও।