সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর। তবে এই দিন থেকেই আয়কর এবং আর্থিক লেনদেনের নিয়মে আসছে বিরাট পরিবর্তন। আপনি যদি ইতিমধ্যেই আপনার প্যান (PAN Card) এবং আধার কার্ড লিঙ্ক করে থাকেন, তাহলে তো চিন্তার কোনও কারণ নেই। কারণ, সম্প্রতি সরকারের নির্দেশিকা অনুযায়ী যদি আপনার এই দুটি নথিতে নামের বানানে সামান্যতম ভুল থাকে বা গরমিল থাকে, তাহলে আপনার প্যান কার্ডটি রাতারাতি অকেজো হয়ে যেতে পারে।
কেন এত কড়াকড়ি?
আসলে আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং জালিয়াতে রুখার জন্য প্যান এবং আধার সংযোগ বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে আধার কার্ডে এক রকম নাম আসছে, আবার প্যান কার্ডের নামের বানান বা পদবী সামান্য আলাদা। আর সিস্টেম এই অমিল শনাক্তকরণ করতে পারলেই প্যান কার্ডটি ১ এপ্রিলের পর থেকেই অকার্যকর হয়ে যাবে। ফলে তা দিয়ে আর কোনও লেনদেন করতে পারবেন না।
প্যান কার্ডকে অকেজো হলে কী কী সমস্যায় পড়বেন?
যদি কোনও কারণে আপনার প্যান কার্ড অকার্যকর হয়ে যায়, তাহলে প্রথমত আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। দ্বিতীয়ত, বড় অংকের ব্যাংক লেনদেনে বাধা আসবে এবং সমস্যায় পড়বেন। তৃতীয়ত, মিউচুয়াল ফান্ড বা শেয়ারবাজারে বিনিয়োগ আটকে যাবে। চতুর্থত, লোন বা ক্রেডিট কার্ডের আবেদন সম্পূর্ণরূপে খারিজ হয়ে যেতে পারে। এমনকি টিডিএস কাটার হার অনেকটাই বেড়ে যাবে।
নাম বিভ্রাট এড়াবেন কীভাবে?
যদি আপনার প্যান এবং আধারের নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে বা বানানে কোনও রকম গরমিল থাকে, সেক্ষেত্রে নিচের যে কোনও একটি পদ্ধতি অনুসরণ করতে হবে—
আপনি আধারের নাম সংশোধন করে প্যান কার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Update Aadhaar” সেকশনটি খুলতে হবে।
- এরপর আধার নম্বর দিয়ে লগইন করুন এবং মোবাইলে আসা ওটিপি ইনপুট করুন।
- এরপর “Name Update” অপশন বেছে নিয়ে সঠিক বানান আপডেট করে দিন।
- এরপর প্রমাণপত্র হিসেবে প্যান কার্ড কিংবা পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করে দিন।
- এবার সাবমিট করলে আপনি একটি ইউআরএন নম্বর পাবেন, যা দিয়ে পরে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
দ্বিতীয়ত, আপনি প্যান কার্ডের নাম সংশোধন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনাকে NSDL বা UTIITSL এর পোর্টালে গিয়ে “PAN Correction” ফর্মটিকে পূরণ করতে হবে।
- তারপর সঠিক নাম এবং আধারের তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
- এরপর প্রয়োজনীয় ফি জমা দিতে হবে এবং আধার কার্ড থেকে পরিচয়পত্র হিসেবে আপলোড করে দিতে হবে।
- এরপর কয়েকদিনের মধ্যেই আপনার আপডেট হওয়া নতুন প্যান কার্ড হাতে পেয়ে যাবেন।
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনা, এবারের আদমশুমারিতে করা হবে এই ৩৩টি প্রশ্ন
তবে হ্যাঁ, নাম ঠিক হয়ে গেলে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে গিয়ে আপনাকে “Link Aadhaar Status” অপশনটি অবশ্যই চেক করে নিতে হবে। আর যদি আগে থেকেই লিংক করা থাকে এবং নাম সংশোধিত হয়, তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবেই তথ্য আপডেট করে নেবে।