প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। SIR এর জট যেন কিছুতেই কাটছে না, আর এই অবস্থায় মালদার মোথাবাড়ির ঘটনায় (Malda Incident) রাজনৈতিক তরজা চরম আকার নিয়েছে। শেষে বহু তদন্তের পর আজ CID-র তরফে গ্রেপ্তার করা হয়েছে মূলচক্রীকে। এদিকে এই গ্রেপ্তারির পর হরিরামপুরের জনসভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টার্গেট করেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে।
বিতর্কের শিরোনামে মোথাবাড়ির ঘটনা
পুলিশ জানিয়েছে, বুধবার কলকাতা থেকে ইটাহার ফেরার সময় কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসের সামনে ঘৃণা-ভাষণ দেন আইনজীবী মোফাক্করুল ইসলাম। গাড়ির মাথায় উঠে বক্তৃতা দেওয়ার ভিডিও সেই সময় বেশ ভাইরাল হয়েছিল। পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। শেষে আজ সকালে মোথাবাড়ির ঘটনায় প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুলকে পাকড়াও করে CID। পরে ADG উত্তরবঙ্গ তাঁকে গ্রেফতারের কথা স্বীকার করেন। আর এবার সেই গ্রেপ্তারি নিয়ে নির্বাচন কমিশনকে খোঁচা দিলেন মমতা।
মালদহের অশান্তি নিয়ে সরব মুখ্যমন্ত্রী
হরিরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সুরে জানান যে, “বাগডোগরা দিয়ে পালাচ্ছিল মোফাক্কারুল ইসলাম। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। ISF এবং কংগ্রেসেরও উস্কানি আছে। আসলে বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে, NIA আসার আগেই , আমাদের CID গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।” অর্থাৎ হরিরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করছেন যে কমিশন রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ।
আরও পড়ুন: সোনা পাপ্পুর ডেরা থেকে কত সম্পত্তি, গোল্ড উদ্ধার করল ইডি? হিসেব চমকে দেবে
বিজেপিকে দুষলেন মমতা
রাজ্যের সব আধিকারিকদের বদলি নিয়েও এদিন নির্বাচন কমিশনকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনসমক্ষে দাঁড়িয়ে বলেছেন, “ নির্বাচন কমিশন আসলে বাংলায় বিজেপিকে সাহায্য করছে। অসম, তামিলনাড়ু, কেরল, বাংলা এবং পন্ডিচেরি এই পাঁচ রাজ্যে ভোট হচ্ছে। ৫০৬ অফিসার বদল হয়েছে। এর মধ্যে শুধু বাংলায় ৪৮৩ জনকে বদলি করেছে। আমি জানি তারা বাংলাকে সাহায্য করবেন। আমাকে সমর্থন করতে হবে না অন্তত যেন বাংলার ভোট নির্বিঘ্নে হয়।” বিজেপিকে দুষে তাঁর আরও সংযোজন, “বুঝে নেব, দুর্দান্ত খেলা হবে। ও মোটা ভাই যতই চক্রান্ত করো, জেনে রেখো, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে।”