কেন্দ্রীয় সরকারি কর্মীদের করতেই হবে এই কাজ, জারি নতুন গাইডলাইন

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও যদি একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারী (Central Government Employees) হন, তবে এই খবরটি আপনার জন্য জরুরি হতে পারে। বর্তমান সময়ে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। এমনিতেই এই রিপোর্ট তৈরি হতে বেশ কিছু সময় লাগবে। যাইহোক, এরই মাঝে সরকারি কর্মীদের উদ্দেশ্যে দ্রুত একটি বিশেষ কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে প্রতি বছর তাঁদের ভূমিকা বা স্তরের সঙ্গে প্রাসঙ্গিক দক্ষতা-ভিত্তিক কোর্স সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। এটি তাঁদের বার্ষিক কর্মমূল্যায়ন প্রতিবেদনে রিপোর্টে প্রতিফলিত হবে।

সরকারি কর্মীদের করতেই হবে এই কাজ

২ এপ্রিল, ২০২৬ রাজ্যসভায় বড় তথ্য দিয়েছেন কেন্দ্রিয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এই প্রশ্নের লিখিত জবাবে তিনি জানান, ‘কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (DoPT) সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং সর্বভারতীয় পরিষেবার কর্মকর্তাদের জন্য ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং (IGOT) পোর্টালে বার্ষিকভাবে তাদের ভূমিকা/লেভেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যোগ্যতা-ভিত্তিক কোর্স এবং তাদের (এমডিও) বা ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (সিসিএ) দ্বারা নির্ধারিত ব্যাপক মূল্যায়ন সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে।’

নজরে ২৪ এপ্রিল

অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন ২৪ এপ্রিল, ২০২৬ তারিখে দেরাদুনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে। এই বৈঠকে বেতন, ভাতা এবং পেনশন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। কমিশন অংশগ্রহণের জন্য বিভিন্ন অংশীদারদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ এপ্রিল, ২০২৬। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন, ইউনিয়ন, প্রতিষ্ঠান এবং সমিতিগুলোর প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করতে এবং সরাসরি কমিশনের কাছে তাদের পরামর্শ পেশ করতে পারবেন। এই পরামর্শ প্রক্রিয়াটি বেতন সংশোধন, ভাতা এবং পেনশন সম্পর্কিত বিষয়গুলোর ওপর আলোকপাত করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ৩৫০০ কিমি দূরে ছুঁড়বে মিসাইল, ভারতীয় নৌসেনা পেল পরমাণু অস্ত্র বহনকারী ডুবোজাহাজ INS অরিদমন

যাঁরা আরও তথ্য জানতে চান, তাঁরা অষ্টম বেতন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://8cpc.gov.in/ দেখতে পারেন। এই উত্তরাখণ্ড সফরের উদ্দেশ্য হলো অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত ও প্রচার করার জন্য কমিশনের প্রচেষ্টাকে সমর্থন করা। সরকার চায় যত বেশি সম্ভব মানুষ অংশগ্রহণ করুক, যাতে সকল অংশীজনের মতামত অন্তর্ভুক্ত করা নিশ্চিত হয়।

কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন?

সকলেই এখন অপেক্ষা করছেন অষ্টম বেতন পে কমিশন লাগু হবে সে বিষয়ে। ২০২৫ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে। এই বেতন কমিশনটি ২০২৫ সালের নভেম্বরে গঠিত হয়েছিল। সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার জন্য এই বেতন কমিশনের কাছে ১৮ মাস সময় আছে। ধারণা করা হচ্ছে, সরকার ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যেই এর সুপারিশ পেয়ে যাবে। এরপর, সরকার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশগুলো পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর করবে। অর্থাৎ বকেয়া মোটা টাকা অপেক্ষা করছে সকলের জন্য।

Leave a Comment