ফের বন্দে ভারতের খাবারে পোকা, এমন সাজা দিল রেল, আর করতে পারবে না ভুল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই বন্দে ভারতের (Vande Bharat Express) খাবারে পোকা পাওয়ার অভিযোগ তুলেছিলেন এক যাত্রী। আর তারপরেই ভারতীয় রেলের সহযোগী সংস্থা IRCTC সহ ক্যাটারার ইউনিট বা খাবার সরবরাহকারী সংস্থাকে মোটা জরিমানা করেছিল ভারতীয় রেল। এবার একই অভিযোগ উঠল আমেদাবাদ ও মুম্বইয়ের মধ্যে চলাচলকারী বন্দে ভারতেও। যে ঘটনায় এবার আরও কঠোর ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। জানা যাচ্ছে, বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনের খাবারে পোকা পাওয়া গেছে এমন অভিযোগ পাওয়া মাত্রই খাবার সরবরাহকারী ক্যাটারারকে 10 লাখ টাকা জরিমানা করেছে রেল।

বাতিল করা হয়েছে চুক্তিও

সাম্প্রতিক সময়ে বন্দে ভারতে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলে আসছেন যাত্রীরা। যা নিয়ে যথেষ্ট চিন্তিত রেল। এরই মাঝে ফের আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত চলাচলকারী বন্দে ভারতের খাবারে পোকা পাওয়ার অভিযোগ করলেন এক যাত্রী। সম্প্রতি আদিত্য দিদোয়ানিয়া নামক এক ব্যক্তি বন্দে ভারতে সরবরাহ করা খাবারের কয়েকটি ছবি এবং বিক্রেতা সংস্থার এক কর্মীর আইডি কার্ডও আপলোড করেছেন।

নিজের এক্স হ্যান্ডেলে খাবারের ছবি আপলোড করে ওই ব্যক্তি অভিযোগ করেছেন, তিনি বন্দে ভারত ট্রেনের খাবারে একটি পোকা পেয়েছেন। তার কামরায় এমন ঘটনা এই নিয়ে দুবার ঘটলো। যে ঘটনার পর বাকিরাও খাওয়া বন্ধ করে দিয়েছেন। ওই পোস্টে বিক্রেতার নাম উল্লেখ করেন ওই যাত্রী। লেখেন, ট্রেনে খাবার বিক্রেতার নাম নেই মেমারাস ব্যান্ডাভান ফুড প্রোডাক্টস। এদিন আদিত্য নিজের এক্স হ্যান্ডেলে ফ্যাসাই ইন্ডিয়া, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, IRCTC এমনকি রেল ইন ইন্ডিয়া কে ট্যাগ করে এও লেখেন, “রেল কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে এই জায়গাগুলিতে অভিযান চালান। আমি পুরোপুরি নিশ্চিত যে এখানকার খাবার ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে না। মান সম্পন্ন খাবার না পাওয়া গেলে এবং বিক্রেতা দোষী প্রমাণিত হলে তার লাইসেন্স বাতিল করা উচিত।”

রেল যাত্রীর অভিযোগের পরপরই ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। জানা যাচ্ছে আদিত্য নামক ওই রেল যাত্রীর অভিযোগের ভিত্তিতে সহযোগী সংস্থা IRCTC কে সতর্ক করার পাশাপাশি খাবার সরবরাহকারী ক্যাটারার ইউনিট বা সংস্থাকে 10 লাখ টাকা জরিমানা এবং তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে যাতে তাঁরা এই ভুল আর না করতে পারে। একই সাথে রেলের তরফে আশ্বস্ত করা হয়েছে এবার থেকে খাবার বিক্রেতারা ট্রেনে খাবার সরবরাহ করার আগে সেটি ভালোভাবে পরীক্ষা করে নেবেন।

 

অবশ্যই পড়ুন: পূর্ণশক্তি নিয়ে কামব্যাক করবে KKR? মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

IRCTC র প্রতিক্রিয়া

দেশের সেমি হাই স্পিড ট্রেনে খাবার নিয়ে অভিযোগ জানানোর 12 ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানায় ভারতীয় রেলের সহযোগী সংস্থা IRCTC। তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এছাড়াও ঠিকাদারের উপর 10 লাখ টাকার জরিমানা আরোপ করা হয়েছে। বাতিল করা হয়েছে খাবার সরবরাহকারী সংস্থার লাইসেন্স। রান্নাঘর সিল করা হয়েছে। এদিন যাত্রীর দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চেয়ে নিয়েছে IRCTC।

Leave a Comment