সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল পেমেন্টের যুগে স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ আমাদের প্রত্যেকের জীবনে অপরিহার্য। তবে সমাজের একটি বড় অংশের মানুষ এখনও পর্যন্ত সাধারণ ফিচার ফোন ব্যবহার করেন। আর এই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এবার আইটেল তাদের জনপ্রিয় Itel 2165C ফিচার ফোনে যুগান্তকারী ফিচার যুক্ত করল। এখন এই ফোনের মাধ্যমে খুব সহজেই ইন্টারনেট ছাড়া করা যাবে ইউপিআই পেমেন্ট।
ইন্টারনেট ছাড়াই ইউপিআই পেমেন্টের সুবিধা
আইটেল এবং ফোনপের অংশীদারিত্বের ফলে এই ফিচার কোনটিতে এখন ফোনপে ইউপিআই পেমেন্ট সাপোর্ট যুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা কোনও রকম ইন্টারনেট সংযোগ বা স্মার্টফোন ছাড়াই ডিজিটাল লেনদেন করতে পারবেন। সাধারণত এই অফলাইন পেমেন্ট সুবিধা উপভোগ করার জন্য ইউএসএসডি পরিষেবা বা নির্দিষ্ট প্রক্রিয়া ব্যবহার করতে হয়, যা ব্যাংক এবং পরিষেবা প্রদানকারী সংস্থার উপর নির্ভর করে কাজ করে। তবে 2G নেটওয়ার্কের সাধারণ ফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা সত্যিই বিরল।
প্রসঙ্গত, সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটিতে গ্রাহকদের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার যুক্ত করা হয়েছে। এই ফোনটিতে একটি 2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া রয়েছে। সাথে 1200mAh এর ব্যাটারি রয়েছে, যেখানে সুপার ব্যাটারি মোড সাপোর্ট করে। এমনকি কোম্পানির দাবি অনুযায়ী এই ব্যাটারির সাহায্যে প্রায় 12 ঘণ্টা পর্যন্ত টকটাইম এবং 25 ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায়। অন্যদিকে এই ডিভাইসটিতে 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ ব্যবহার করা যায়। তার সাথে 2000টি কন্টাক্ট এবং 500টি মেসেজ সংরক্ষণ করার সুবিধা রয়েছে।
আরও পড়ুন: “আমি ওদের দুজনকেই গালি দিয়েছি” সৌরভ ও আশুতোষকে নিয়ে বিস্ফোরক CJP চিফ অভিজিৎ
এদিকে সাশ্রয়ী বাজেটের এই ফোনটির দাম রাখা হচ্ছে মাত্র 1199 টাকা, যা কল্পনারও বাইরে। গ্রাহকরা দেশের যে কোনও অনলাইন বা অফলাইন রিটেইল স্টোর থেকে খুব সহজেই এই ফোনটি কিনতে পারবেন। বিশেষ করে সাধারণ ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য কম খরচে ডিজিটাল লেনদেনের সুবিধা নিয়ে আসার ক্ষেত্রে কোম্পানির জন্য যে এটি বিরাট পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।