সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের রেশন ব্যবস্থাকে (Ration in West Bengal) আরও আধুনিক করার জন্য এবার বিরাট পদক্ষেপের দাবী জানাল রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। রাজ্যের আগের সরকারের অনিহা আর অনিচ্ছার কারণে যে সমস্ত জনমুখী কেন্দ্রীয় প্রকল্প এতদিন ধরে বাংলায় বন্ধ ছিল, সেগুলি অবিলম্বে রেশন দোকানগুলির মাধ্যমে চালুর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অনুরোধ জানিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফিডারেশন।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ মনোজ আগরওয়ালের সঙ্গেও এ বিষয়ে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন। না উল্লেখ করলেই নয়, বর্তমানে মুখ্য সচিব মনোজ আগরওয়াল দীর্ঘ সময় ধরেই খাদ্য দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন। যার ফলে রেশন ব্যবস্থার অন্দরমহল একেবারে তাঁর নখদর্পণে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ১ জুন মহিলাদের জন্য ফ্রি বাস চালুর আগেই কড়া নির্দেশিকা পরিবহণ দফতরের
রেশন কী কী পরিষেবা চালুর দাবি উঠল?
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে আর রেশন ডিলারদের বিকল্প পথ প্রশস্ত করার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু আধুনিক প্রকল্পের অনুমোদন দিয়েছে। দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে এই মডেল দারুণভাবে সফল হলেও বাংলায় এখনও পর্যন্ত চালু করা হয়নি। প্রস্তাবিত পরিষেবাগুলির মধ্যে রয়েছে—
- রেশন দোকানগুলোতে সাধারণ চাল, গমের পাশাপাশি বাজার থেকে অনেক কম দামে তেল, দান, নুন, মশলার মতো গ্রোসারি সামগ্রী বিতরণ করা।
- গ্রামীণ বা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশন দোকানে মিনি ব্যাঙ্কিং কাউন্টার বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা চালু করা।
- সাধারণ মধ্যবিত্ত এবং পরিযায়ী শ্রমিকদের জন্য রেশন দোকান থেকে ৫ কেজি ছোট এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি করা আর রিফলিং এর সুবিধা করা।
- বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলারদের কেন্দ্র সরকারের খরচে প্রশিক্ষণ দেওয়া।