অনন্যা সরকার, কলকাতা: আন্দামান উপকূল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বে প্রাকৃতিক গ্যাসের (Natural Gas) সন্ধান পাওয়া গেল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) সমাজ মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে, আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ৩৫৫ মিটার গভীর জলে স্থিত ‘শ্রী বিজয়পুরম-৩’ (Sri Vijayapuram-3) নামক একটি অনুসন্ধানমূলক কূপে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।
দেশে জ্বালানির চাহিদা মেটাতে পারে এই নতুন অনুসন্ধান
নিজের এক্স (X) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে হরদীপ সিং পুরী বলেন, আন্দামান সাগরে জ্বালানি শক্তির সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠলো। আনন্দের সাথে তিনি জানান, অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে ১৫ কিলোমিটার দূরে ৩৫৫ মিটার গভীর জলে খনন করে ‘শ্রী বিজয়পুরম-৩’ নামের একটি অনুসন্ধান মূলক কূপে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি খুঁজে পেয়েছে। অবিরাম ‘ফ্লেয়ারিং’ অর্থাৎ গ্যাস জ্বালিয়ে পরীক্ষা করার মাধ্যমে ‘ইওসিন ফরমেশন’-এর অন্তর্গত ১,৯০০ মিটারেরও বেশি গভীর কূপটির মধ্যে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা গেছে।
হরদীপ সিং পুরী আরো জানিয়েছেন যে, অয়েল ইন্ডিয়া লিমিটেড আবিষ্কৃত গ্যাসের উৎপত্তি, গঠন ও তাপীয় মান নির্ণয় করতে আইসোটোপ গবেষণার জন্য গ্যাসের নমুনা সংগ্রহ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের স্বাধীনতা দিবসে সমুদ্র মন্থন মিশনের (National Deep Water Exploration Mission) ঘোষণা করেন। তারই অধীনে সরকারের তরফে হাইড্রোকার্বনের সঞ্চয় সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য উপকূলীয় অববাহিকাগুলিতে প্রচুর সংখ্যক গভীর ও অতি গভীর জলের অনুসন্ধান কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দামানের উপকূলে চলমান এই অভিযানে খনন করা তিনটি কূপের মধ্যে দুটিতেই প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। হরদীপ সিং পুরী জানান, সারা বিশ্বের গভীর সমুদ্র অনুসন্ধান বিশেষজ্ঞরা ভারতের এই উচ্চাকাঙ্ক্ষা পূরণে সাহায্য করবে।