প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ঘাসফুল শিবিরের চরম অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আপ্রাণ চেষ্টা করে চলেছেন দল বাঁচানোর। কিন্তু শেষ পর্যন্ত সবটাই যেন চোখের সামনে ভেঙে যাচ্ছে। এমতাবস্থায় আজ, কোলাঘাটে (Kolaghat) শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে হাজির হলেন তৃণমূল সাংসদ দেব (Dev)। সঙ্গে একে একে হাজির হলেন বিক্ষুব্ধ শিবিরের তৃণমূল সাংসদ জুন মালিয়া ও কেশপুরের বিধায়ক শিউলি সাহা।
২০ জন সাংসদ NDA জোটে সামিল হতে চান
বাংলায় বিধায়কদের পর এবার লোকসভাতেও তৃণমূলের অন্দরে যে আড়াআড়ি ভাঙন ধরেছে তা বিগত কয়েকদিনে বেশ বুঝে গিয়েছে জনগণ। নির্বাচনের ফল প্রকাশের মাত্র এক মাসের মাথাতেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে মমতার দল। এমনকি দিল্লিতে সাংসদদের বিদ্রোহে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, সোমবার তৃণমূলের অন্তত ২০ জন সাংসদ স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে NDA জোটে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন। পাশাপাশি এদিন সন্ধে গড়াতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোজা পৌঁছে গিয়েছিলেন বীরভূমের সাংসদের বাড়িতে।
শুভেন্দুর বৈঠকে হাজির হলেন দেব
সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে আগে থেকেই মুখ্যমন্ত্রীর অপেক্ষায় হাজির ছিলেন জুন মালিয়া, অসিত মাল, আবু তাহের খান, খলিলুর রহমানের মতো একঝাঁক বিক্ষুব্ধ ঘাসফুল সাংসদ। স্বাভাবিকভাবেই তাই এই জমায়েত যে রাজনৈতিক সমীকরণ। পরিবর্তনে এক অন্যতম ভূমিকা পালন করতে পারে তা বেশ বোঝা যাচ্ছে। এদিকে আজ, মঙ্গলবার কোলাঘাটের প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিন জেলা মিলে আয়োজিত এই বৈঠকে তাই এক এক করে উপস্থিত হতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ জুন মালিয়া ও কেশপুরের বিধায়ক শিউলি সাহা। এছাড়াও শুভেন্দুর বৈঠকে দেখা গেল তৃণমূল সাংসদ দেবকে।
আরও পড়ুন: ডিজিটাল লক ভেঙে রহস্যময় ঘরে ঢুকল পুলিশ, স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে কী কী মিলল?
প্রসঙ্গত, গতকাল, সোমবার সকালে দিল্লিতে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভূপেন্দ্র যাদবরে বাড়ির বৈঠকেও তৃণমূল সাংসদদের মধ্যে হাজির ছিলেন ঘাটালের সাংসদ দেব। এর আগে একবার রাজনীতি ছাড়তে চেয়েছিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় সেই কথা ঘোষণাও পর্যন্ত করে দিয়েছিলেন। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই তিনি আবার রাজনীতিতে ফেরেন, নির্বাচনে লড়েন। কারণ হিসেবে তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার জন্যই তিনি আবার রাজনীতিতে ফিরেছেন। কিন্তু এখন, সেই সাংসদই ‘বিদ্রোহী’।