অনন্যা সরকার, কলকাতা: বিখ্যাত প্রি ভার্সাই (Prix Versailles) আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন অ্যাওয়ার্ডস অর্জন করে আদানি গ্রুপ (Adani Group) দ্বারা পরিচালিত ভারতের দুটি বিমানবন্দর বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরগুলি ( World’s Most Beautiful Airports 2026) মধ্যে জায়গা করে নিয়েছে। নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ২-কে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর ২০২৬’-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড (AAHL) দ্বারা পরিচালিত। এই সম্মান ওই দুই ভারতীয় বিমানবন্দরকে তাদের অসাধারণ স্থাপত্য, স্থায়িত্ব এবং যাত্রী-কেন্দ্রিক ডিজাইনের জন্য সারা বিশ্বে নির্বাচিত সাতটি এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের সাথে সামিল করেছে।
কিভাবে ভারতের এই দুই এয়ারপোর্ট সবচেয়ে সুন্দর বিমানবন্দর হয়ে উঠল?
প্যারিসে ইউনেস্কো (UNESCO) সদর দফতরে প্রতিবছর আয়োজিত হয় প্রি ভার্সাই অ্যাওয়ার্ডস (Prix Versailles Awards)। এই পুরস্কারের মাধ্যমে সাম্প্রতিক স্থাপত্যের সেইসব নিদর্শনগুলিকে সম্মান জানানো হয়, যা উদ্ভাবনের পাশাপাশি, সেই স্থানের সাংস্কৃতিক পরিচয় এবং পরিবেশগত দায়বদ্ধতাকে একত্রিত করে তুলে ধরে। নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ তার ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত পদ্ম-অনুপ্রাণিত ভাস্কর্য এবং ভবিষ্যৎমুখী ডিজাইনের জন্য স্বীকৃতি লাভ করেছে। এই টার্মিনাল প্রযুক্তি, শিল্পকলা এবং কাজ করার পদ্ধতি দিয়ে যাত্রীদের বিশ্বমানের অভিজ্ঞতা প্রদান করে এবং একটি আধুনিক গ্লোবাল ইকনোমিক পাওয়ার হাউস হিসেবে ভারতের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
অন্যদিকে, গুয়াহাটির জনপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ আসামের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত ডিজাইনের জন্য স্বীকৃতি পেয়েছে। উত্তর-পূর্ব ভারতের একটি প্রধান প্রবেশদ্বার হিসেবে, এই টার্মিনালটি স্থাপত্যের অনুপ্রেরণা নিয়েছে ‘ব্যাম্বু অর্কিড’ থেকে। এটি বায়োফিলিক ডিজাইনের নীতিগুলিকে প্রতিফলিত করে, যা এই অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্রকে তুলে ধরার পাশাপাশি স্থায়িত্ব এবং পরিচালনগত দক্ষতাও সুনিশ্চিত করেছে। এই দুই ভারতীয় বিমানবন্দর জার্মানির ফ্রাঙ্কফুর্ট আম মাইন, চীনের গুয়াংজু, কম্বোডিয়ার কান্দাল স্টুং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ ও সান ডিয়েগো-এর মতো প্রধান আন্তর্জাতিক এভিয়েশন হাবগুলির সাথে বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্টের তালিকায় জায়গা করে নিয়েছে।
আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেডের এক মুখপাত্র জানিয়েছেন যে, এই অ্যাওয়ার্ড বিশ্বমানের বিমানবন্দর পরিকাঠামো তৈরিতে আদানি গ্রুপের দায়বদ্ধতার ও অঙ্গীকারের প্রতিফলন। এছাড়াও কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই স্বীকৃতি এই ধরনের এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিকে মান্যতা দেয়, যা কেবল গ্লোবাল স্ট্যান্ডার্ড নয়, বরং এভিয়েশনের ক্ষেত্রে ভারতের ডিজাইন প্রণয়নের ক্ষমতা এবং ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষাকেও তুলে ধরে।
আরও পড়ুনঃ রান্নার LPG-র আসল দাম ১৬০০ টাকা ছুঁইছুঁই! জারি গ্যাসের নতুন রেট
প্রি ভার্সাই-কে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আর্কিটেকচার ও ডিজাইন অ্যাওয়ার্ড হিসেবে গণ্য করা হয়। ২০১৫ সালে চালু হওয়া এই অ্যাওয়ার্ড এমন বিমানবন্দর ও টার্মিনালগুলোকে সম্মানিত করে, যা প্রচলিত পরিকাঠামোর বাইরে গিয়ে সৌন্দর্য, মজবুতি এবং সাংস্কৃতিক পরিচয়কে একত্রিত করে তুলে ধরে।