১০-১২ নয়, ৪২% DA পাবেন বাংলার সরকারি কর্মীরা? বাজেটের আগেই দাবি

সহেলি মিত্র, কলকাতাঃ রাত পোহালেই রয়েছে নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট (West Bengal Budget 2026)। সেই নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে সকলের। বাংলার নতুন বিজেপি সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রয়েছে সকলের। তবে এই অপেক্ষা যেন বেশি লক্ষ লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন ভোগীদের। কারণ তাঁরা বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance)-র জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। সকলে আশাবাদী, আগামীকাল ২২ জুন অনুষ্ঠিত হতে চলা বিজেপি সরকারের প্রথম বাজেটে তাঁদের জন্য কোনও ঘোষণা করা হবে। বাড়ানো হবে ডিএ। তবে সত্যিই কি সরকারি কর্মীদের কপাল খুলবে এদিন? তাঁদের মূল দাবী কী? তা নিয়ে এবার মুখ খুললেন ডিএ মামলাকারী তথা কনাফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। ফেসবুকে দিলেন বড় বার্তা।

৪২% ডিএ পাবেন বাংলার সরকারি কর্মীরা?

চলতি মাসের ১ জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে চারটি কর্মচারী সংগঠন বৈঠক করেছিল। সেই বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন সরকারি কর্মীরা। তবে তারপরেও নতুন সরকারের কোনও হেলদোল নেই বলে ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা। তবে আগামীকালের বাজেট নিয়ে তাঁরা কতটা আশাবাদী? ভাগ্য কি ফিরবে? এই নিয়ে মুখ খুললেন মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। তিনি নিজের ফেসবুক ভিডিও-তে বলেন, ‘আমরা ষষ্ঠ বেতন বেতন কমিশনের ৪২% ডিএ চাই।’ তিনি বলেন, ‘আগামী ২২ জুন সোমবার রাজ্য বাজেট। সার্বিকভাবে কর্মচারী সমাজ ওই দিনটির জন্য অপেক্ষা করে আছেন। থাকারই কথা। গত ১ জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পঞ্চম ও ষষ্ঠ বেতন পে কমিশনের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এবং বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী বলেছেন আগামী ২২ জুন বর্তমান যে ৪২ শতাংশ ডিএ বাকি আছে তার বেশ কিছুটা অংশ তিনি দেবেন।’

নজরে রাজ্য বাজেট

বর্তমান সময়ে একটি জল্পনা শুরু হয়েছে। বলা হচ্ছে, রাজ্য কর্মীদের জন্য কি বঙ্গ বিজেপি সরকার ১২% ডিএ দেবে? সোমবার বাজেট ঘোষণা ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে মলয়বাবু জানান, ‘আমরা এই ব্যাপারটি নিয়ে খুবই উদ্বিগ্ন। এর কারণ অবশ্যই আছে। যে সঙ্কল্পপত্র বিজেপি সরকার আসার আগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ৪৫ দিনের মধ্যে ডিএ এবং সপ্তম বেতন পে কমিশন লাগু করে দেবেন। ২২ জুন ষষ্ঠ বেতন পে কমিশন তার ডিএ ঘোষণা করতে চলেছে। তবে আমরা চাইব ওই যে বকেয়া ৪২ শতাংশ মহার্ঘ ভাতা তা পুরোটাই দিয়ে দেওয়া হোক। আমরা ১২ শতাংশও চাইবো না ১৮ শতাংশও চাইবো না। আমরা ৪২%-রই দাবি জানাচ্ছি।’

আরও পড়ুনঃ ‘যত বড়ই মন্ত্রী হোক না কেন…দুর্নীতি করলেই সম্পত্তি বাজেয়াপ্ত!’ স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

বকেয়া ডিএ নিয়ে লড়াই করতে গিয়ে সরকারি কর্মীদের কম কটু কথা শুনতে হয়নি। অনেকে আশাই ছেড়ে দিয়েছিলেন। সেই প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় বলেন, ‘অনেকেই বলবেন বাপরে বাপ আপনারা ৪২ শতাংশ ডিএ দাবি জানাচ্ছেন? আমি বলছি, অবাস্তব কিন্তু নয়। হিসেব দিচ্ছি। পঞ্চম বেতন পে কমিশনে বিগত তৃণমূল সরকার বেতন কমিশন যখন কাছে চলে এসেছে ১.১.২০১৯-এ ২৫ শতাংশ ডিএ ৪ কিস্তিতে দিয়েছিল এবং সেটা আমরা এনজয়ও করেছিলাম ১ বছর। তারপর ২০২০ থেকে নয়া বেতন আমরা হাতে পেয়েছিলাম। ডিএ আমরা পাইনি। সেই ২০২১ সাল থেকে ৩ শতাংশ, ৪ শতাংশ করে আজ ১৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। সরকার পরিবর্তন হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে অধিকাংশ রাজ্য সরকারের ডিএ আজ ৬০ শতাংশ। অর্থাৎ ফারাক হচ্ছে ৪২ শতাংশ। তাহলে ৪২ শতাংশ ডিএ যদি ১লা জুলাই থেকেই দেয়, আমরা আরও দাবি জানিয়েছি।’

Leave a Comment