সহেলি মিত্র, কলকাতাঃ কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার। বাংলার আরও বেশ কিছু রুটে শুরু হল বাস পরিষেবা, যে বাস পরিষেবার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সাধারণ আমজনতা। পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর মধ্যে সংযোগ বাড়ানোর জন্য তিনটি নতুন বাস সার্ভিস চালু করেছে। যেহেতু সরকারি বাস, এতে মহিলা যাত্রীদের কোনও ভাড়াই লাগবে না। তাহলে চলুন নতুন বাসগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
৩টি নতুন সরকারি বাস চালু কলকাতায়
এখন আপনিও অধীর আগ্রহের সঙ্গে জানতে ইচ্ছুক নিশ্চয়ই যে কোন রুটে নতুন বাসগুলি চালু হয়েছে? রিপোর্ট অনুযায়ী, AC-57, AC-58 এবং S-70 চালু হয়েছে। নতুন AC-57 বাসটি বড় জাগুলি মোড় থেকে করুণাময়ী (সল্ট লেক) পর্যন্ত সংযুক্ত করবে। অন্যদিকে AC-58 সরাসরি সোনারপুর থেকে ইকো স্পেস (নিউ টাউন) পর্যন্ত চলবে। এর পাশাপাশি S-70 কাঁচরাপাড়া (গান্ধী মোড়) থেকে সদর বাজার, ব্যারাকপুর পর্যন্ত চলবে।
রুট সম্পর্কে বললে, AC-57 কল্যাণী এইমস, সেন্ট্রাল পার্ক, কাম্পা মোড়, হালিশহর রেলস্টেশন, বিকেপি ওয়্যারলেস মোড়, মুরাগাছা মোড়, রবীন্দ্রনগর/কল্যাণী এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট গেট নং ১, সিটি সেন্টার ২, ইকো পার্ক, কলেজ মোড় অবধি যাবে। AC-58 বাসের রুট সম্পর্কে বললে, এটি সোনারপুর, সোনারপুর স্টেশন, করবালা, কামালগাজি, রুবি, চিংড়িঘাটা, কলেজ মোড়, নিউ টাউন, টাটা মেডিকেল সেন্টার, ইকো স্পেস হয়ে চলবে। S-70 বাসটি কোনা মোড়, জগন্নাথ বাস স্টপ, কাকিনারা মোড়, শ্যামনগড় মোড়, ইছাপুর চৌমাথা, ঘোষপাড়া, ব্যারাকপুর রেলওয়ে স্টেশন এবং ধোবি ঘাট অবধি চলাচল করবে।
বাসের সময়সূচী ও ভাড়া
AC-57 বড় জাগুলি থেকে সকাল ৭টা, ৯:৩০টা, বিকেল ৫:১৫ এবং সন্ধে ৬টা নাগাদ ছাড়বে। করুণাময়ী থেকে সকাল ৬:৩০, সকাল ১০টা এবং দুপুর ২:৩০টে নাগাদ ছাড়বে বলে খবর বাসের ভাড়া সম্পর্কে এখনও অবধি জানা যায়নি। AC-58 বাসটি সোনারপুর থেকে সকাল ৭:৩০, ৮টা, ৮:৩০টা, ৯টা, ৯:৩০টার সময়ে ছাড়বে। এরপর ইকোস্পেস থেকে বিকেল ৫টা, ৫:৩০টা, সন্ধে ৬টা, ৬:৩০ এবং সন্ধে ৭টা নাগাদ ছাড়বে এই বাসের ভাড়া ৫০ টাকা। সোনারপুর থেকে ইকোস্পেস অবধি টানা গেলে এই ভাড়া গুনতে হবে যাত্রীদের।
আরও পড়ুনঃ মিড-ডে মিলের মাংস দিয়ে শিক্ষকের বিবাহ বার্ষিকী উদযাপন! তুমুল অশান্তি নদিয়ার স্কুলে
এদিকে S-70 বাসটি কাচরাপাড়া থেকে সকাল ৭টা, ৮:৩০, বিকেল ৫:৩০ এবং সন্ধে ৭:৩০ নাগাদ ছাড়বে। সদরবাজার থেকে সকাল ৬:৩০, ৯টা, বিকেল ৫:৩০ এবং সন্ধে ৭:৩০ নাগাদ ছাড়বে। সরকার আশাবাদী, এই রুটগুলো দক্ষিণ কলকাতা, নিউ টাউন, সল্ট লেক, কল্যাণী এবং উত্তর ২৪ পরগনা এর মধ্যে সংযোগ আরও উন্নত করবে। যেহেতু এসি তাই যাত্রীরা আরামদায়ক, নির্ভরযোগ্য এবং সুবিধাজনক ভ্রমণের সুযোগ পাবেন।