প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে (South Bengal), ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ অঞ্চল। আর এই নিম্নচাপের জেরে আগামীকাল (Weather Tomorrow), রবিবার থেকে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। পাশাপশি কলকাতাতেও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকতে পারে বলে পূর্বাভাস।
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী তিন দিনে এই সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তীসগঢ়ের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, উত্তর ছত্তীসগঢ় এবং উত্তর ওড়িশার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। আর এই দুই আবহাওয়ার যৌথ প্রভাবেই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলায়। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুন: এইসব কর্মীদের ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
এই মুহূর্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। এছাড়াও বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর এবং মালদহেও।